ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে ১০ হাজার ২০ কেজি বা প্রায় ১০ টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় বিপুল পরিমাণ জিরাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন—সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লক্ষ্মীপুর গ্রামের মো. এম. ফয়সাল আবীর, রাজশাহী জেলার এয়ারপোর্ট থানার বাঘহাটি গ্রামের মো. আজিজুল হাকিম এবং একই এলাকার মো. হাবিবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে একটি ট্রাক সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে শাহবাজপুর এলাকায় থামার জন্য সংকেত দেয় বিজিবি ও র্যাবের যৌথ দল। ট্রাকটি থামার পর টহল দলের সদস্যরা এতে থাকা জিরার বৈধ কাগজপত্র দেখতে চান। তবে ট্রাকে থাকা ব্যক্তিরা জিরার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে ১০ টন জিরাসহ ট্রাকটি জব্দ এবং এতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ট্রাকসহ জিরার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় সরাইল থানায় মামলা করে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
What's Your Reaction?