সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়

Oct 10, 2026 - 17:18
Oct 10, 2026 - 17:19
 0  5
সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া দক্ষিণপাড়ায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও দুর্গামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

তিনি বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে। ধর্মীয় পরিচয় যার যার, কিন্তু দেশ সবার।

নিপুণ রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারেন এবং নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। সমাজে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

তিনি বলেন, সমাজের প্রান্তিক ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। আর্থিক সংকটের কারণে কেউ যেন ধর্মীয় উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন। পূজার উপহারসামগ্রী বিতরণের মতো উদ্যোগ মানুষের প্রতি সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির প্রকাশ ঘটায়। সমাজের সব সম্প্রদায়ের মানুষ যেন সমান সুযোগ পান, সে জন্য সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

তিনি আরো বলেন, প্রতিহিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন কোনো অন্যায় বা ষড়যন্ত্রের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

 নিপুণ রায় বলেন, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু দেশ এক। আমরা সবাই বাংলাদেশকে ধারণ করি। আমাদের সবার স্লোগান—‘সবার আগে বাংলাদেশ।

এ সময় তিনি কেরানীগঞ্জে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি।

অনুষ্ঠানে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, সদস্যসচিব সামিউল্লাহ, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য রায়হান মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।