মার্কিন রণতরির স্ট্রাইক গ্রুপে ৮ আত্মহত্যার চেষ্টা স্বীকার করলো যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের সময় ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সদস্যদের মধ্যে আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তবে এসব ঘটনায় কোনো আত্মহত্যার মৃত্যু ঘটেনি।
মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের এক প্রশ্নের জবাবে দেওয়া চিঠিতে এ তথ্য জানান। চিঠিটি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পক্ষ থেকে দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আব্রাহাম লিংকনের মোতায়েন শুরুর পর পুরো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপজুড়ে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। এর মধ্যে বিমানবাহী রণতরিটির নাবিকদের পাশাপাশি ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, সহায়ক ডেস্ট্রয়ার এবং বিভিন্ন বিমান স্কোয়াড্রনের সদস্যরাও রয়েছেন।
ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে মোতায়েন শুরু করে। দীর্ঘ এই অভিযানে রণতরিটি টানা ২৮৬ দিন সমুদ্রে ছিল। এ দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান, নাবিকদের মানসিক স্বাস্থ্য এবং জীবনযাত্রার পরিবেশ নিয়ে গত আগস্টে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
হাং কাওয়ের চিঠিতে আত্মহত্যার চেষ্টার দুটি ঘটনারও উল্লেখ করা হয়েছে। মার্চে এক নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাকে থামিয়ে দেন। পরে তাকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। আগস্টে আরেক নাবিক সমুদ্রে পড়ে গেলে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।
এদিকে দীর্ঘ সময় মোতায়েন থাকার কারণে জাহাজটিতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি নিয়েও অভিযোগ ওঠে। বিভিন্ন প্রতিবেদনে গোসলখানায় ছত্রাকের উপস্থিতি এবং খাবার ও সাবানের মতো প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে সংকটের কথা উঠে আসে। নৌবাহিনী অবশ্য জানিয়েছে, নাবিকদের স্বাস্থ্য, কল্যাণ ও মনোবলের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে।
আব্রাহাম লিংকনের দীর্ঘ মোতায়েন নিয়ে এর আগে মার্কিন প্রশাসনের বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। নাবিকদের জীবনযাত্রা ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে তৎকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ ওঠে। পরে সিনেটর গিলিব্র্যান্ড এসব বিষয়ে তদন্তের দাবি জানান।
সূত্র: রয়টার্স
What's Your Reaction?