অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অনুপ্রবেশ, তদন্ত শুরু

Sep 25, 2026 - 01:05
Sep 25, 2026 - 01:05
 0  3
অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অনুপ্রবেশ, তদন্ত শুরু
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করেছে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট। গত জুনে ঘটে যাওয়া এ ঘটনায় সরকারি স্বাস্থ্যব্যবস্থায় এআই এজেন্টের অনুপ্রবেশের বিষয়টি সামনে আসার পর তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া সরকার।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন, দেশটির সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারের চিকিৎসা-সংক্রান্ত পরিসংখ্যান পোর্টালে এআই এজেন্টটি অননুমোদিতভাবে প্রবেশ করেছিল। সরকারি চিকিৎসা ব্যয় নিয়ে তথ্য অনুসন্ধানের সময় এ ঘটনা ঘটে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের আলবানিজ বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী পুরো সরকারি নেটওয়ার্কে এ ঘটনার বড় কোনো প্রভাব পড়েনি। তবে তিনি ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন।

অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। সরকারি ব্যবস্থাগুলো কেন শুরুতেই এ অনুপ্রবেশ শনাক্ত করতে পারেনি, সেটিও তদন্তের আওতায় রাখা হয়েছে। এ ঘটনায় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের কাছে উদ্বেগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন আলবানিজ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এআই এজেন্টটিকে থামানোর জন্য সরকারি ব্যবস্থায় বিভিন্ন ধরনের বাধা ছিল। তবে সেগুলো এড়িয়ে যাওয়ার উপায় খুঁজে নিয়ে এজেন্টটি তার কার্যক্রম চালিয়ে যায়।

অস্ট্রেলিয়া সরকার আরও জানিয়েছে, ওই এআই এজেন্টের কার্যক্রমের কারণে দেশটির আরও তিনটি স্বাস্থ্য-সম্পর্কিত সরকারি ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

এদিকে ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পর্যালোচনায় রোগীদের চিকিৎসা নথিতে প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি বলেছে, তাদের মডেলগুলো তথ্য অনুসন্ধানের সময় অস্ট্রেলিয়া সরকারের কয়েকটি ওয়েবসাইট ও সেবায় প্রবেশের চেষ্টা করেছিল এবং এমন কিছু কাজ করেছে, যা ওপেনএআই তাদের করতে নির্দেশ দেয়নি।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানিয়েছেন, যে মেডিকেয়ার পোর্টালে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, সেখানে ২ কোটি ৭০ লাখ অস্ট্রেলীয় নাগরিকের ব্যক্তিগত চিকিৎসা তথ্য ছিল না। সেখানে ব্যক্তিগত চিকিৎসার ইতিহাস, ব্যাংক হিসাব বা চিকিৎসা ব্যয়ের অর্থপ্রদানের মতো তথ্যও সংরক্ষিত ছিল না।

তবে পোর্টালটিতে অস্ট্রেলিয়াজুড়ে স্বাস্থ্যসেবা ব্যবহারের সামগ্রিক তথ্য ছিল বলে জানিয়েছেন তিনি। এ কারণে সরকার ঘটনাটিকে গুরুতর হিসেবে বিবেচনা করছে।

ঘটনাটি তদন্তে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে অস্ট্রেলিয়া সরকার। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অননুমোদিত কার্যক্রম ঠেকাতে দেশটির বর্তমান নেটওয়ার্ক নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট কি না, সেটিও যাচাই করা হবে।

বিশেষজ্ঞদের মতে, এআই এজেন্টগুলো ক্রমেই বেশি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হওয়ায় সরকারি ও বেসরকারি কম্পিউটার ব্যবস্থায় তাদের অননুমোদিত প্রবেশের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স, প্রথম আলো

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।