চীনে কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০
চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে বন্দরে মেরামতের জন্য রাখা একটি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বরাতে জানা যায়,‘ওশান মেলোডি’ নামের জাহাজটিতে আগুন লাগার সময় ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। পরে জাহাজ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এপি’র খবরে বলা হয়েছে, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও জোরালো অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সিনহুয়ার প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘Ocean Melody’ হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। দুর্ঘটনার সময় এটি মেরামতের জন্য কিংদাওয়ের ওই শিপইয়ার্ডে অবস্থান করছিল। শিপইয়ার্ডটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন বড় এক কোম্পানির।
What's Your Reaction?