ঘুমের মধ্যে হঠাৎ পড়ে যাচ্ছেন মনে হয়? কারণ হতে পারে ‘হিপনিক জার্ক’
চোখ বন্ধ, শরীর ঘুমের প্রস্তুতিতে। হঠাৎ মনে হলো—আপনি যেন কোথা থেকে পড়ে যাচ্ছেন! ঠিক সেই মুহূর্তেই হাত-পা কেঁপে উঠল, আর চমকে ঘুম ভেঙে গেল। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। কখনো এতটাই আকস্মিক হয় যে পাশে ঘুমিয়ে থাকা মানুষটিও চমকে ওঠেন। কিন্তু ঘুমের মধ্যে এমনটা কেন ঘটে?
এই আকস্মিক নড়াচড়ার নাম ‘হিপনিক জার্ক’। সাধারণত ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে শরীরের কোনো অংশ হঠাৎ কেঁপে ওঠে বা ঝাঁকুনি দেয়। কখনো এর সঙ্গে মনে হতে পারে, দাঁড়িয়ে থাকা বা হাঁটার সময় পড়ে যাচ্ছেন। অনেকটা স্বপ্নের মতো অনুভূতি হলেও এটি পুরোপুরি স্বপ্ন নয়; বরং ঘুম ও জাগরণের মধ্যবর্তী সময়ে তৈরি হওয়া এক ধরনের ভ্রম-অনুভূতি।
আসলে কী ঘটে?
ঘুমিয়ে পড়ার সময় শরীরের পেশি ধীরে ধীরে শিথিল হয়ে আসে। একই সঙ্গে মস্তিষ্কও জেগে থাকার অবস্থা থেকে ঘুমের দিকে এগিয়ে যায়। এই পরিবর্তনের সময় মস্তিষ্কের সংকেতে সাময়িক বিভ্রাট হতে পারে।
সহজভাবে বললে, শরীরের দ্রুত শিথিল হয়ে যাওয়াকে মস্তিষ্ক কখনো কখনো ভুল করে ‘পড়ে যাওয়ার’ সংকেত হিসেবে ধরে নিতে পারে। তখন পেশিতে আকস্মিক সংকোচনের নির্দেশ যায়। ফলাফল _হাত-পা কেঁপে ওঠা বা পুরো শরীরে ঝাঁকুনি অনুভব করা।
কেন হতে পারে?
হিপনিক জার্কের নির্দিষ্ট একটি কারণ নেই। বিভিন্ন গবেষণায় দেখা যায়, জীবনের কোনো না কোনো সময়ে বিপুলসংখ্যক মানুষের এমন অভিজ্ঞতা হতে পারে। বিশেষ করে ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটলে এর সম্ভাবনা বাড়তে পারে।
যেসব বিষয় হিপনিক জার্কের সঙ্গে সম্পর্কিত হতে পারে-
-
মানসিক চাপ ও দুশ্চিন্তা
-
পর্যাপ্ত ঘুমের অভাব
-
ঘুমের আগে ভারী ব্যায়াম
-
নিকোটিন গ্রহণ
-
অ্যালকোহল
-
অতিরিক্ত ক্যাফেইন, বিশেষ করে ঘুমের কাছাকাছি সময়ে
কমাতে কী করবেন?
সাধারণত হিপনিক জার্ক ক্ষতিকর নয় এবং এর জন্য আলাদা চিকিৎসার প্রয়োজন হয় না। তবে বারবার হলে ঘুমের অভ্যাসে কিছু পরিবর্তন আনা যেতে পারে।
ঘুম ও জাগার সময় প্রতিদিন মোটামুটি একই রাখুন। ঘুমের আগে মানসিক চাপ কমাতে ধ্যান, হালকা বই পড়া কিংবা কুসুম গরম পানিতে গোসলের মতো আরামদায়ক অভ্যাস তৈরি করতে পারেন।
নিয়মিত শরীরচর্চা করুন, তবে ঘুমানোর ঠিক আগে ভারী ব্যায়াম এড়িয়ে চলুন। অতিরিক্ত ক্যাফেইন, ধূমপান ও অ্যালকোহল থেকেও দূরে থাকা ভালো। ঘুমের ঘর যেন খুব গরম বা খুব ঠান্ডা না হয়, সেদিকেও খেয়াল রাখুন।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
শুধু ঘুমিয়ে পড়ার সময় একবার-দুবার শরীর কেঁপে ওঠা সাধারণত উদ্বেগের কারণ নয়। তবে এর সঙ্গে অন্য ধরনের অস্বাভাবিক নড়াচড়া বা খিঁচুনি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
এ ছাড়া জেগে থাকা অবস্থাতেও যদি বারবার পেশি কেঁপে ওঠে, কিংবা ঘুমের মধ্যে চিৎকার করা, ধস্তাধস্তি, কাউকে আঘাত করা বা অস্বাভাবিক আচরণের মতো ঘটনা ঘটে, তাহলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের সঙ্গে কথা বলা প্রয়োজন।
ঘুমের মধ্যে হঠাৎ ‘পড়ে যাওয়ার’ অনুভূতি ভয় পাওয়ার মতো হলেও বেশিরভাগ ক্ষেত্রে এটি শরীরের ঘুমে প্রবেশের সময় ঘটে যাওয়া একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। তাই মাঝরাতে একবার হঠাৎ কেঁপে উঠে ঘুম ভেঙে গেলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বরং নিয়মিত ও পর্যাপ্ত ঘুম, কম মানসিক চাপ এবং স্বাস্থ্যকর জীবনযাপনই হতে পারে এমন অস্বস্তিকর অভিজ্ঞতা কমানোর সহজ উপায়।
What's Your Reaction?