আচারি ভুনা খিচুড়ি: স্বাদে আসবে নতুনত্ব
খিচুড়ি তো অনেক খেয়েছেন, এবার স্বাদে আনুন একটু ভিন্নতা। আচারের টক-ঝাল-মসলাদার স্বাদে তৈরি করতে পারেন মজার আচারি ভুনা খিচুড়ি। সহজ উপকরণে ঘরেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ।
উপকরণ
- পোলাওয়ের চাল — ১.৫ কেজি
- মুগডাল — ৫০০ গ্রাম
- মটরশুঁটি — ২ কাপ
- তেলসহ আচার — ৪ টেবিল চামচ
- গরম পানি — ৩ কেজি
- তেল — ১.৫ কাপ
- ঘি — ২ টেবিল চামচ
- পেঁয়াজকুচি — ১ কাপ
- রসুনকুচি — ২ টেবিল চামচ
- আস্ত জিরা — ১ টেবিল চামচ
- কাঁচা মরিচ — ১০–১২টি
- এলাচ — ৬টি
- দারুচিনি — ৫–৬ পিস
- তেজপাতা — ৪টি
- আদাবাটা — ২ টেবিল চামচ
- রসুনবাটা — ১ টেবিল চামচ
- হলুদগুঁড়া — ২ টেবিল চামচ
- মরিচগুঁড়া — ১ টেবিল চামচ
- ধনেগুঁড়া — ১ টেবিল চামচ
- মেথিগুঁড়া — ১ চা-চামচ
- জায়ফল ও জয়ত্রীগুঁড়া — ১ চা-চামচ
- বোম্বাই মরিচ — ২টি
- লবণ — স্বাদমতো
প্রণালি
মুগডাল হালকা করে ভেজে চালের সঙ্গে ভালোভাবে ধুয়ে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে নিন।
পাত্রে তেল গরম করে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। পেঁয়াজকুচি ও রসুনকুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজে রং ধরলে মেথিগুঁড়া বাদে সব গুঁড়া ও বাটা মসলা এক কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
মসলা কষানো হলে দেড় গুণ পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে চাল, ডাল ও মটরশুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে লবণ দিন।
আবার ফুটে উঠলে আস্ত জিরা, তেলসহ আচার ও মেথিগুঁড়া দিয়ে নেড়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন।
চাল ও পানি সমান হয়ে এলে আবার নেড়ে মাঝখানে চূড়া করে ঘি ছড়িয়ে দিন। বোম্বাই মরিচ দুই ফালি করে খিচুড়ির ওপর দিয়ে পাত্রের মুখ ফয়েল পেপার দিয়ে সিল করে ঢাকনা দিন।
তাওয়ার ওপর পাত্র বসিয়ে মৃদু আঁচে ২০ মিনিট দমে রাখুন। চুলা বন্ধ করে আরও ১০ মিনিট পর ঢাকনা খুলে বোম্বাই মরিচ সরিয়ে নিন।
পরিবেশন
গরম গরম আচারি ভুনা খিচুড়ি পরিবেশন করুন। সঙ্গে আচার, সালাদ বা ভাজি রাখতে পারেন।
পরিচিত ভুনা খিচুড়িতে আচারের টক-ঝাল স্বাদ যোগ করলেই তৈরি হবে ভিন্ন স্বাদের এই পদ। একবার বানিয়ে দেখলেই ঘরোয়া খাবারের তালিকায় এটি জায়গা করে নেবে।
What's Your Reaction?