প্রায় পৌনে দু’বছর আগে মুক্তি পেয়েছিল টিজার। তারপর থেকেই অপেক্ষায় ছিলেন রজনীকান্তের ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’-এর ট্রেলার। আর ট্রেলার প্রকাশ্যে আসতেই ফের আলোচনার কেন্দ্রে মেগাস্টার রজনীকান্ত। তার সঙ্গে মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান ও মোহনলালের উপস্থিতি যেন ছবিটির উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
মেগাস্টার রজনীকান্তের ‘জেলার’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। ছবিটির সাফল্যের পর থেকেই শুরু হয়েছিল সিকুয়েল নিয়ে জল্পনা। প্রায় পৌনে দু’বছর আগে প্রকাশ পেয়েছিল ‘জেলার ২’-এর টিজার। এরপর দীর্ঘ অপেক্ষা। অবশেষে ১৫ অক্টোবর মুক্তির আগে প্রকাশ পেল ছবির ট্রেলার। মুক্তির মাত্র ১০ দিন আগে ট্রেলার সামনে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা।
ট্রেলারের শুরুতেই রয়েছে টানটান উত্তেজনার জিজ্ঞাসাবাদের দৃশ্য। দুই মাস ধরে চলা ধ্বংসযজ্ঞের নেপথ্যে কে, তা নিয়ে চলছে তল্লাশি। জানা যায়, সেই ব্যক্তির প্রকৃত পরিচয় খুঁজে বের করা প্রায় অসম্ভব। ঠিক তখনই অনিরুদ্ধর দুরন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে পর্দায় আবির্ভাব রজনীকান্তের।
আর রজনী মানেই তো স্টাইল ও অ্যাকশন! ট্রেলারজুড়ে তাকে দেখা গেছে তার চেনা ‘লার্জার দ্যান লাইফ’ অবতারে। কখনও স্টেনগান হাতে ঝাঁকে ঝাঁকে গুলি চালাচ্ছেন, আবার কখনও ঠান্ডা মাথায় শত্রুকে দিচ্ছেন কঠিন হুঁশিয়ারি। এক দৃশ্যে অত্যন্ত শান্তভাবে কাউকে চা নাকি কফি তা বেছে নেওয়ার সুযোগও দেন তিনি। কিন্তু সেই শান্ত স্বরের আড়ালেই লুকিয়ে থাকে ভয়ংকর বার্তা।
ট্রেলারে রজনীর চরিত্রকে দেখা যায় খলনায়কদের গুপ্তচরবৃত্তি, চ্যালা পাঠানো, ভয় দেখানো কিংবা মনস্তাত্ত্বিক চালের মতো কৌশলকে ‘সেকেলে’ বলে উড়িয়ে দিতে। তার নিজের পদ্ধতি আরও ভয়ংকর। সব শত্রুকে এক জায়গায় জড়ো করে বোমা মেরে উড়িয়ে দেওয়া!
শুধু রজনীকান্ত নন, ট্রেলারে নজর কেড়েছেন মিঠুন চক্রবর্তী ও বিদ্যা বালানও। পাশাপাশি মোহনলালের ঝলকও দেখা গেছে। জানা যাচ্ছে, তিনি অতিথি শিল্পীর ভূমিকায় থাকছেন। ফলে তারকাবহুল এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ যে আরও চড়েছে, তা বলাই যায়।
ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেক ভক্তের দাবি, ‘জেলার ২’ শুধুই আরেকটি সিনেমা নয়, বরং রজনীকান্তের দীর্ঘ ক্যারিয়ারের ক্যারিশমার নতুন উদযাপন। কেউ কেউ আবার মনে করছেন, ছবিটি প্রথম তামিল সিনেমা হিসেবে হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে।
সেই রেকর্ড হবে কি না, তার উত্তর মিলবে ১৫ অক্টোবর। আপাতত ট্রেলার দেখেই রজনী-ভক্তদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পর্দায় ‘টাইগার’ এবার কতটা ঝড় তুলবেন, সেটিই এখন দেখার অপেক্ষা।