নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন, রাশমিকা

Oct 22, 2026 - 15:57
 0  1
নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন, রাশমিকা
দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয়ের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে মনে করেন—এমন কোনো বাধ্যবাধকতা নেই। চরিত্রের প্রয়োজনে  খোলামেলা পোশাক পরার প্রসঙ্গ এলেও নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন তিনি। তবে নিজের আপত্তির কথা নির্মাতাদের জানানো যে সব সময় সহজ নয়, এই বিষয়টিও স্বীকার করেছেন এই অভিনেত্রী।
 
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে প্রেমিক নয়, স্বামী বিজয় দেবরকোন্ডার সঙ্গে অতিথি হয়ে হাজির হন রাশমিকা। সেখানে নারী চরিত্রের উপস্থাপন, পর্দায় শরীর প্রদর্শন এবং অভিনয়শিল্পীদের নিজেদের অপছন্দের কথা জানানোর স্বাধীনতা নিয়ে কথা বলেন তাঁরা। আলোচনার কেন্দ্রে ছিল রাম চরণের ‘পেদ্দি’ ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্র ঘিরে তৈরি হওয়া বিতর্ক।
 
আলোচনায় রাশমিকা জানান, কোনো কোনো চরিত্রের প্রয়োজনে বিকিনি পরার মতো পোশাক লাগতে পারে। কিন্তু তাতেও শরীরের অতিরিক্ত অংশ প্রদর্শনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। বাণিজ্যিক ছবিতে এমন পোশাক পরার পরিস্থিতি তৈরি হতে পারে, যেগুলো অভিনেতার ব্যক্তিগত পছন্দের সঙ্গে পুরোপুরি মেলে না। সে ক্ষেত্রে নিজের সীমারেখা স্পষ্ট করে দেন তিনি।
 
রাশমিকার মতে, অধিকাংশ ক্ষেত্রেই তাঁর পছন্দের পরিচালকেরা বিষয়টি বুঝতে পারেন এবং তাঁর সিদ্ধান্তকে সম্মান করেন। তাই কাজ বেছে নেওয়ার সময় এমন নির্মাতাদের সঙ্গে কাজ করতে চান, যাঁরা অভিনয়শিল্পীর ব্যক্তিগত পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেন।
 
তবে নিজের আপত্তির কথা জানানো যে সহজ নয়, সেটিও অকপটে স্বীকার করেছেন রাশমিকা। কখনো কোনো দৃশ্য করতে না চাইলে বিজয়ের সঙ্গে আলোচনা করেন তিনি। বিজয়ের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর নিজের সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাতে সাহস পান।
 মধুচন্দ্রিমায় বিজয় ও রাশমিকা। ইনস্টাগ্রাম থেকে
বিজয়ও মনে করেন, অভিনয়শিল্পীদের পাশে এমন মানুষ থাকা জরুরি, যাঁরা তাঁদের প্রয়োজনে ‘না’ বলার সাহস জোগাবেন। তাঁর কথায়, কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর অভিনয়শিল্পীদের ওপর একধরনের চাপ তৈরি হতে পারে। তাঁদের মনে করিয়ে দেওয়া হয়, তাঁরা অভিনেতা, ছবিতে কাজ করতে রাজি হয়েছেন—তাই চরিত্রের প্রয়োজনে সবকিছু করাই তাঁদের দায়িত্ব।
 
এমন পরিস্থিতিতে কেউ নিজের অস্বস্তির কথা জানালে তাঁকে অপেশাদার হিসেবে বিবেচনা করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই অনেক অভিনয়শিল্পী আপত্তি থাকা সত্ত্বেও কোনো দৃশ্যে রাজি হয়ে যান। বিজয়ের মতে, এ ধরনের চাপ কমাতে নির্মাতাদের এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে অভিনয়শিল্পীরা নির্দ্বিধায় নিজেদের মত জানাতে পারবেন।
 
রাশমিকা ও বিজয়ের আলোচনায় উঠে আসা ‘পেদ্দি’ ছবিতে রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। বুচি বাবু সানা পরিচালিত ছবিটি মুক্তির পর জাহ্নবীর চরিত্র অচিয়াম্মার উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
 
দর্শকদের একাংশের অভিযোগ, চরিত্রটির ব্যক্তিত্ব, গল্পে তাঁর ভূমিকা ও নিজস্ব সিদ্ধান্তের গুরুত্ব প্রতিষ্ঠার চেয়ে তাঁর শারীরিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু দৃশ্যে ক্যামেরার দৃষ্টিভঙ্গি এবং সংলাপ নিয়েও আপত্তি ওঠে। বিশেষ করে জাহ্নবীর শরীরের নির্দিষ্ট অংশের ওপর বারবার ক্যামেরা কেন্দ্রীভূত করা এবং তাঁর চরিত্রের অনিচ্ছা সত্ত্বেও রাম চরণের চরিত্রের চুম্বনের দৃশ্য নিয়ে সমালোচনা হয়। বিতর্কের পর সিনেমাটির কিছু দৃশ্য সরিয়ে ফেলা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।