১০০ টাকার খাবার বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার
রাজধানীতে ১০০ টাকায় গরুর মাংস, ভাত, আলু ও ডাল বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া ‘ভাইরাল মিজান’ ওরফে মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি খাবারের দোকান চালিয়ে অল্প সময়েই আলোচনায় আসেন তিনি। তার দোকানের খাবারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ‘ভাইরাল মিজান’ নামে পরিচিতি পান।
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সেখানে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় মিজান সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে তাকে আটক করে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
কাফরুল থানার এএসআই নাজমা আক্তার বলেন, ডিএমপির ভ্রাম্যমাণ আদালত মিজানকে ১৫ দিনের সাজা দিয়েছেন। সাজা ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
What's Your Reaction?