রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
এ যেনো শেষ হয়েও হইলো না শেষ। অনেকেই ভেবেছিল ২০২৬ বিশ্বকাপরের পর থেকে পর্তুগালে আর দেখা যাবে না রোনালদোকে বিদায়ের গুঞ্জনটা বাতাসে ভাসছিল জোরেশোরে। এমন আওয়াজ পাওয়াটাই যে এখন স্বাভাবিক বয়স যে এখন চলে গেছে ৪১ এর কোঠায়। তিনি নিজেও বলেছিলেন, এটাই হয়তো বিশ্বকাপে আমার শেষ ম্যাচ। গত মাসেই ‘ভোগ’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো কথা বলেছেন আরও সরাসরি, ‘হয়তো ফুটবলে এটাই আমার শেষ বছর।’
তাহলে কি আর পর্তুগালের সেই পরিচিত সাত নম্বর জার্সি গায়ে তাঁকে দেখা যাবে না? উয়েফা নেশনস লিগের দল ঘোষণার আগে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল চারপাশে এমন সময় সব জল্পনা আর গুঞ্জনে জল ঢেলে দিলেন নতুন কোচ জর্জ জেসুস। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে রেখেই প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন জেসুস। তার মানে আন্তর্জাতিক ফুটবলকে এখনই ‘আলবিদা’ বলছেন না রোনালদো। নতুন কোচের কাছে তাঁর ভূমিকা কী? প্রশ্নটা উঠছিলই। জেসুসের উত্তর সহজ, ‘ডাকা হয়েছে যাঁদের, সবাই আমার পরিকল্পনার অংশ। সবার ওপরই আমার সমান অধিকার।’
সৌদি আরবের আল নাসরে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এই দুজনের। গত মৌসুমে ক্লাবের হয়ে লিগ শিরোপাও জিতেছেন তাঁরা। সেই পরিচয় আছে, সেই বোঝাপড়াও। তবু জেসুস রোনালদোকে আলাদা কোনো সুযোগ দিতে রাজি নন। তাঁর কথা, ‘ভালো খেললে খেলবে। ভালো না খেললে খেলবে না। সবার জন্য নিয়ম এক।’
আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। গোল ১৪৬টি। সংখ্যাটা নিজেই এক ইতিহাস। কিন্তু তিনি থেমে নেই। এটাই হয়তো তার সবচেয়ে বড় প্রেরণা। এখন তাঁর সামনে আরেকটা মাইলফলক, ক্যারিয়ারে ১০০০ গোল। এখন পর্যন্ত করেছেন ৯৭৯টি।
নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযানে ২৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল। তিন দিন পর নরওয়ের মাঠে খেলা। এরপর আগামী ১ অক্টোবর ডেনমার্ক সফর। ৪ অক্টোবর আবার ঘরের মাঠে নরওয়ে। এখন শুধু দেখার অপেক্ষা এর মাঝেই কি রোনালদো নিজের নতুন রের্কডটি করতে পারবেন।
What's Your Reaction?