পোস্টাল ভোট দিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের আহ্বান ইসির
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ ও অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে ভোটদানের সম্মতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্মতি প্রাপ্তির পরপরই সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট ফেরত পাঠানো হবে।
নির্বাচন কমিশন জানায়, যারা ইতোপূর্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘Postal Vote BD’ অ্যাপে সফলভাবে নিবন্ধিত হয়েছিলেন, তাদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে।
অন্যদিকে প্রবাসে অবস্থানরত যেসব ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারেননি, তাদের জন্য আবারও নতুন করে নিবন্ধনের সুযোগ তৈরি করা হয়েছে।
আগ্রহী প্রবাসীরা ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং উপনির্বাচনে পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় নিজেদের মতামত ও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পারবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। পরে ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করলে সংবিধান অনুযায়ী ওই আসনটি ফাঁকা হয়।
What's Your Reaction?