পদ্মা নদীতে ১০ বাংলাদেশিকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে ১২ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় স্রোতে ভেসে ১০ জন নিখোঁজ হন।পরে ভারতের ভূখণ্ড থেকে তাদের জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তবর্তী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর বাখর আলী ঘাট থেকে সদর উপজেলার সীমান্তবর্তী নারায়ণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জোহরপুর গ্রামে যাওয়ার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয়, পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর এলাকায় নৌকা ডুবার পর নদীতে ভেসে যাওয়া একটি ২০ দিনের শিশুসহ ১০ জনকে সন্ধ্যায় উদ্ধার করেছে নদীতে স্পিডবোটে টহল দেওয়া বিএসএফ সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ফরিদপুর বিওপির আওতাধীন এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ। তাঁরা ৭১ বিএসএফ ব্যাটলিয়নের খান্দুয়া ক্যাম্পের হেফাজতে রয়েছেন।
বিজিবি আরো জানায় ফেরত আনা ১০ জনই নারায়ণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জোহরপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন জোহরপুর গ্রামের মো. মোস্তফার স্ত্রী সখিনা বেগম (৪৫) ও ছেলে মো. রাসেল (২৬), মতিউর রহমানের স্ত্রী নিলুফা বেগম (৩৫) ও ছেলে মো. সাব্বির ওরফে সানাউল্লাহ (৯), মো. ইসলামের ছেলে আল আমিন (৯), মৃত আবুল হোসেনের ছেলে মো. ইব্রাহীম (৬০), মৃত আব্দুর রউফের ছেলে মো. সওদাগর (৪০) ও মো. ইব্রাহীম (৫০), মো. সোহেলের স্ত্রী তানিয়া খাতুন ২২) ও তাঁর ২০ দিনের মেয়ে তানিসা খাতুন। এ ছাড়া শামসুল হকের ছেলে মো. ওয়াসিম (২৩) সাঁতার কেটে দেশের ভূখণ্ডে তীরে উঠে রক্ষা পান।
এ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো আরো একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে উদ্ধার যাত্রীদের বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত এনে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাঁদের স্বজন ইসমাইল হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হেসাইন বলেন, পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ঘটনার পর বিএসএফের উদ্ধার করা নৌকায় থাকা কয়েকজন তুষের বস্তা বা খড়ের আঁটি ধরে ভেসে রক্ষা পান বলে শোনা গেছে। নৌকাটি ঘাটের ছিল না। এটি ছিল পারিবারিক ডিঙি নৌকা।
সংশ্লিষ্ট ৮ নম্বর ইউপি সদস্য মো. রবু নৌকার ১২ জনের পরিচয় নিশ্চিত করে বলেন, মোস্তফা নিখোঁজ রয়েছেন। দেশে উদ্ধার হয়েছেন ওয়াসিম।
What's Your Reaction?