আইসক্রিমে কেন হয় ‘ব্রেন ফ্রিজ’?

Aug 15, 2026 - 22:40
 0  10
আইসক্রিমে কেন হয় ‘ব্রেন ফ্রিজ’?

আইসক্রিমে এক কামড়, আর হঠাৎ মাথায় তীব্র ব্যথা! কয়েক সেকেন্ডের এই অস্বস্তিকর অনুভূতিকেই বলা হয় ‘ব্রেন ফ্রিজ’। কেন হয় এমন, কারা বেশি ঝুঁকিতে এবং দ্রুত স্বস্তি মিলবে কীভাবে—জেনে নিন।

চিকিৎসাবিজ্ঞানে এর নাম ‘স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিওনিউরালজিয়া’। খুব দ্রুত আইসক্রিম, বরফ বা ঠান্ডা পানীয় গ্রহণ করলে মুখের তালু ও গলার পেছনের অংশের তাপমাত্রা হঠাৎ কমে যায়। এর প্রতিক্রিয়ায় শরীরে একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রক্রিয়া শুরু হয়।

ঠান্ডার কারণে মুখের তালুর রক্তনালিগুলো দ্রুত সংকুচিত হয়। এরপর মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট ধমনিগুলো হঠাৎ প্রসারিত হতে শুরু করে। এই পরিবর্তনের ফলে মুখমণ্ডলের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগকারী ট্রাইজেমিনাল নার্ভ উদ্দীপ্ত হয়। আর সেখান থেকেই মাথায় সাময়িক ব্যথার অনুভূতি তৈরি হয়।

কীভাবে দ্রুত স্বস্তি পাবেন?

ব্রেন ফ্রিজ হলে জিভ দিয়ে মুখের উপরের অংশ বা তালুতে কিছুক্ষণ চাপ দিয়ে রাখলে শরীরের স্বাভাবিক তাপে জায়গাটি দ্রুত উষ্ণ হয়ে উঠতে পারে। এতে ব্যথাও কমে আসে।

জিভের পরিবর্তে পরিষ্কার বুড়ো আঙুল দিয়েও তালুতে হালকা চাপ দেওয়া যেতে পারে। পাশাপাশি স্বাভাবিক তাপমাত্রার পানি এক চুমুক করে পান করলেও আরাম পাওয়া সম্ভব।

তবে সবচেয়ে ভালো উপায় হলো ঠান্ডা খাবার ধীরে ধীরে খাওয়া। আইসক্রিম বা বরফজাতীয় খাবার মুখে কিছুক্ষণ রেখে গলতে দিলে হঠাৎ করে তালুর তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা কমে যায়।

কারা বেশি ঝুঁকিতে?

শিশুদের মধ্যে ব্রেন ফ্রিজ হওয়ার প্রবণতা তুলনামূলক বেশি হতে পারে। পছন্দের আইসক্রিম বা আইস পপসিকল পেলে তারা অনেক সময় দ্রুত খেয়ে ফেলে। ফলে মুখের তালু হঠাৎ বেশি ঠান্ডা হয়ে যায়।

এ ছাড়া যাদের আগে থেকেই মাইগ্রেন বা মাথাব্যথার সমস্যা রয়েছে, তাদের স্নায়ু তুলনামূলক সংবেদনশীল হওয়ায় ঠান্ডা খাবার খেলে ব্রেন ফ্রিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে।

ব্রেন ফ্রিজ কি মস্তিষ্কের ক্ষতি করে?

না। ব্রেন ফ্রিজ মূলত একটি সাময়িক ও ক্ষতিকর নয় এমন স্নায়বিক প্রতিক্রিয়া। এতে মস্তিষ্কের কোনো ক্ষতি হয় না এবং সাধারণত কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যথা নিজে থেকেই চলে যায়।

শীতকালেও কি ব্রেন ফ্রিজ হতে পারে?

হ্যাঁ। এর সঙ্গে ঋতুর সরাসরি সম্পর্ক নেই। আপনি যেকোনো সময় খুব দ্রুত ঠান্ডা খাবার বা পানীয় গ্রহণ করলে মুখের তালুর তাপমাত্রা হঠাৎ কমে গিয়ে ব্রেন ফ্রিজ হতে পারে।

এর জন্য ওষুধ প্রয়োজন কি?

সাধারণত কোনো ওষুধের প্রয়োজন হয় না। যেহেতু ব্যথাটি খুব অল্প সময় স্থায়ী হয়, তাই ঠান্ডা খাবার খাওয়া বন্ধ করে মুখের তালু স্বাভাবিক তাপমাত্রায় ফিরতে দিলেই সাধারণত সমস্যাটি চলে যায়।

আইসক্রিম খেতে গিয়ে হঠাৎ মাথায় ব্যথা হলে ভয় পাওয়ার কিছু নেই। ঠান্ডা খাবার ধীরে খাওয়াই এড়ানোর সহজ উপায়। তবে ব্যথা দীর্ঘস্থায়ী বা বারবার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।