অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৫ বিমানবন্দরে কার্যক্রম বন্ধ
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়ার কারণে জাকার্তাসহ পাঁচটি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।জাকার্তার প্রধান বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত থাকায় শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
শনিবার (৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থার তথ্য অনুযায়ী,আনাক ক্রাকাতাওয়ে অগ্ন্যুৎপাতের সময় লাভার উদ্গিরণ ঘটে বং বিকট বিস্ফোরণের শব্দ প্রায় ৭০০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ছাইয়ের প্রভাবে স্থানীয়ভাবে কয়েকটি স্কুলের কার্যক্রম ও জেলেদের মাছ ধরার অভিযান বাতিল করা হয়।
জাকার্তার প্রধান বিমানবন্দর সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের আকাশে আগ্নেয় ছাইয়ের উপস্থিতি শনাক্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিট থেকে প্রথম দফায় কার্যক্রম স্থগিত করা হয়। পরে পরিস্থিতি বিবেচনায় কয়েক দফা সময়সীমা বাড়ানো হয় এবং সর্বশেষ ঘোষণায় বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ঘটনায় সকাল ১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৩০১টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়। বিমানবন্দর পরিচালনাকারী আংকাসা পুরার তথ্য অনুযায়ী, এর মধ্যে ২৩৩টি অভ্যন্তরীণ, ৫৮টি আন্তর্জাতিক এবং ১০টি কার্গো ফ্লাইট রয়েছে।
দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ২২ হাজারের বেশি যাত্রী এবং ২০৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে ।সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সিঙ্গাপুরগামী ও সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটে। দোহা, সিডনি ও কুয়ালালামপুরের আন্তর্জাতিক রুটও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালিগামী অন্তত ১৬টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে সিঙ্গাপুর এয়ারলাইনস রবিবারের বাকি সময়ের জন্য জাকার্তাগামী ও জাকার্তা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার কোয়ান্টাসও জাকার্তাগামী ও জাকার্তা থেকে আসা কয়েকটি ফ্লাইট বাতিলসহ তাদের বেশ কিছু পরিষেবায় বিঘ্ন ঘটার কথা জানিয়েছে।
সুকর্ণো-হাত্তা বিমানবন্দর এলাকায় আগ্নেয় ছাইয়ের উপস্থিতি নিশ্চিত হয়েছে। বিএমকেজি জানায়, ছাই জাভায় প্রায় ৬ হাজার মিটার এবং সুমাত্রা ও বানতেনের কিছু এলাকায় ১৫ হাজার মিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
What's Your Reaction?