শীতের আলসেমি কমাতে ১০ মিনিটের ব্যায়াম

Jan 5, 2026 - 19:29
 0  18
শীতের আলসেমি কমাতে ১০ মিনিটের ব্যায়াম

বিনা ডেস্ক 

শীতের সময় ভেতর থেকে শক্তি সঞ্চার এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন মাত্র ১০ মিনিটের সহজ কিছু ব্যায়ামই হতে পারে আপনার সেরা সমাধান।

শরীরচর্চা মানেই যে জিম বা ভারী ওজন তোলা, সেই ধারণা বদলে দিয়ে ঘরে বসেই করা যায় এমন কিছু কার্যকর ব্যায়ামের হদিস দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

শীতকালীন জড়তা কাটাতে শুরুতেই ‘সাইড অ্যাবস’ ব্যায়ামটি বেশ কার্যকর। সোজা হয়ে দাঁড়িয়ে মাথার পেছনে দুই হাত লক করে শরীর একবার ডানে ও একবার বামে হেলিয়ে এই ব্যায়াম করা যায়। এটি পিঠ ও কোমরের পেশিতে টান সৃষ্টি করে শরীরকে নমনীয় করে।

এরপর করা যেতে পারে ‘চেস্ট ওপেনার স্ট্রেচ’। চেয়ারে সোজা হয়ে বসে দুই হাত পিঠের দিকে নিয়ে এক হাত দিয়ে অন্য হাত ধরে বুক প্রশস্ত করে ৩০ সেকেন্ড অবস্থান করলে শরীরের জড়তা দ্রুত কেটে যায়।

পায়ের পেশি সচল রাখতে ‘সাইড ক্রসিং’ বেশ কার্যকর, যেখানে হাঁটু ভাঁজ না করে নিচু হয়ে হাত দিয়ে বিপরীত পায়ের পাতা স্পর্শ করতে হয়।

স্ট্রেচিংয়ের পাশাপাশি কিছু সহজ যোগাসন দিনভর মন ও শরীরকে তরতাজা রাখতে সাহায্য করে। এর মধ্যে ‘শলভাসন’ অন্যতম।

উপুড় হয়ে শুয়ে পা দুটি ক্রমান্বয়ে ওপরের দিকে তুলে এই আসন করলে পিঠের নিচের দিকের পেশি মজবুত হয়। এছাড়া ‘অধোমুখ শবাসন’ বা ‘ডাউনওয়ার্ড-ফেসিং ডগ পোজ’ পেশির জোর বাড়াতে এবং অতিরিক্ত ক্লান্তি দূর করতে দারুণ কাজ করে।

ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো ভঙ্গি করে ২০ সেকেন্ড অবস্থান করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং কাজের মনোযোগ ফিরে আসে।

ভারী কার্ডিয়ো বা স্ট্রেংথ ট্রেনিংয়ে অনীহা থাকলেও এই সহজ ব্যায়ামগুলো নিয়মিত করলে শীতের অলসতা কাটিয়ে কাজে উদ্যম পাওয়া সম্ভব।

সুস্থ থাকতে এবং শরীরকে ভেতর থেকে গরম রাখতে নিয়মিত ১০ মিনিটের এই শরীরচর্চা শীতকালীন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow