ভালুকায় মিনিবাস উল্টে নিহত ২

Jan 23, 2026 - 00:11
 0  27
ভালুকায় মিনিবাস উল্টে নিহত ২

বিনা ডেস্ক 

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একটি মিনিবাস উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর উপজেলার সদর ইউনিয়নের মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিনিবাসের হেল্পার ও মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ অনিক (২৮) এবং ভালুকা উপজেলার বীরুনিয়া গ্রামের আব্দুল নুর ইসলামের ছেলে শাহজাহান সিরাজ (৪০)।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি মিনিবাস মেহেরাবাড়ী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ঘটনাস্থলেই যাত্রী শাহজাহান সিরাজ (৪০) মারা যান। অপরদিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া মিনিবাসের হেল্পার মোহাম্মদ অনিক (২৮) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহতকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং দুইজনের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow