সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন মেলেনি
চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার তিনদিনের মাথায় অভিনেতা আশরাফুল হক ডনের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন এ আবেদন করেন।
তবে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম জামিন নাকচের আদেশ দেন।
সালমান শাহর আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিতো করেছেন। এদিন আদালতে রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন।
আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ আসে।
জামিন আবেদনে বলা হয়, হাজতি আসামি ডনের বিরুদ্ধে এজাহার এবং গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিল না। এজন্য তার জামিন পাওয়া একান্ত আবশ্যক।
জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন থেকে জানানোর পরে সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন— সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
What's Your Reaction?