সালমান বাদ, দুই দিনে বেক্সিমকোর শেয়ারের দাম বাড়ল ১৪%

Oct 8, 2026 - 15:49
Oct 8, 2026 - 15:50
 0  2
সালমান বাদ, দুই দিনে বেক্সিমকোর শেয়ারের দাম বাড়ল ১৪%
ছবি: সংগৃহীত

সালমান এফ রহমানকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়ার পর শেয়ারবাজারে বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন কোম্পানি দুটির পর্ষদ পুনর্গঠন করেছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম ৮০ পয়সা বা ৪ শতাংশের বেশি বেড়েছে। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় কোম্পানিটির শেয়ারের দাম আরও ২ টাকা বা সর্বোচ্চ ২০ শতাংশ বেড়েছে। এতে দুই দিনে বেক্সিমকোর প্রতিটি শেয়ারের দাম প্রায় ৩ টাকা বা ১৪ শতাংশের বেশি বেড়েছে।

শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দামও একই সময়ে বেড়েছে। বুধবার কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৯০ পয়সা বা সাড়ে ৪ শতাংশ বাড়ে। আজ প্রথম দুই ঘণ্টায় দাম বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। ফলে দুই দিনে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৩ টাকা বা ১৫ শতাংশ বেড়েছে।

সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার খবরে কোম্পানি দুটির শেয়ারে লেনদেনও বেড়েছে। বৃহস্পতিবার(৮ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এ সময় কোম্পানিটির প্রায় ২০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। একই সময়ে লেনদেনের তালিকায় সপ্তম অবস্থানে ছিল শাইনপুকুর সিরামিকস, যার প্রায় ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানির পর্ষদ থেকে সালমান এফ রহমানের বাদ পড়ার খবরে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। এর ফলে কোম্পানি দুটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও সালমান এফ রহমানকে বাদ দেওয়া হয়। ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি থেকেই তিনি পর্ষদ থেকে বাদ পড়লেন।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদ থেকে বাদ পড়ার আগে গত বছরের জুলাইয়ে তাকে শেয়ারবাজারে ‘আজীবন অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল বিএসইসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় সালমান এফ রহমান গ্রুপের পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হন। তার কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীদের যাতে কোনো ক্ষতি না হয়, সে কারণেই তিনি এ সিদ্ধান্তে সম্মত হন বলে সূত্র জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গ্রুপটির তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হয়। তবে পুনর্গঠিত পর্ষদে সালমান এফ রহমানের ঘনিষ্ঠ ব্যক্তিরাই রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।