শিশুর আঙুল কাটার মামলায় পুলিশ কনস্টেবল ও তার স্ত্রী কারাগারে

Sep 25, 2026 - 18:11
Sep 25, 2026 - 18:11
 0  3
শিশুর আঙুল কাটার মামলায় পুলিশ কনস্টেবল ও তার স্ত্রী কারাগারে

নাটোরের বড়হরিশপুরে শিশুদের মধ্যে খেলাধুলাকে কেন্দ্র করে বিরোধের জেরে আট বছর বয়সি এক শিশুর ডান হাতের আঙুল কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে পুলিশের এক কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাকিল হোসেন নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এজাহারের বরাত দিয়ে জানান, বড়হরিশপুর চেয়ারম্যান রোড এলাকায় ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসানের বাড়িতে স্ত্রী ও পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে ভাড়া থাকেন কনস্টেবল শাকিল।

গত বুধবার বাড়ির মালিকের ছেলে বায়েজিদের সঙ্গে শাকিলের পাঁচ বছর বয়সী মেয়ের খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। পরে পরিবারের সদস্যরা তাদের ঝগড়া মিটিয়ে দেন।

এরপর বৃহস্পতিবার শাকিল বায়েজিদকে বাড়ি থেকে ডেকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে শাকিল ও তার স্ত্রী নাছরিন মিলে ধারালো বটি দিয়ে বায়েজিদের ডান হাতের একটি আঙুল কেটে দেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে প্রথমে নাটোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বায়েজিদের বাবা ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান বাদী হয়ে শাকিল ও তার স্ত্রী নাছরিনকে আসামি করে নাটোর সদর থানায় মামলা করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড়হরিশপুর চেয়ারম্যান রোডের একটি বাড়ি থেকে শাকিল ও নাছরিনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।