শাহরুখ খানের পুরোনো কিছু সিনেমা নিয়ে প্রশ্ন অভিনেত্রীর
বলিউডের রোমান্টিক সিনেমায় যেভাবে প্রেমকে উপস্থাপন করা হয়, সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। শাহরুখ খানের ভক্ত হলেও তার পুরোনো কিছু সিনেমা নতুন করে দেখে অবাক ও অস্বস্তি বোধ করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, কিশোরী বয়সে সিনেমায় যেসব বিষয়কে রোমান্টিক হিসেবে দেখানো হতো, এখন সেগুলোকে অন্যভাবে দেখেন তিনি।
রাধিকা বলেন, ‘পর্দায় নারীদের একদিকে যৌন আবেদনময় করে দেখানো হয়েছে, অন্যদিকে তাদের ‘নৈতিকতা’ ও ‘ভালো নারী’র নির্দিষ্ট কাঠামোর মধ্যেও আটকে রাখা হয়েছে। নারীর যৌনতা নিয়ে এই দ্বৈত উপস্থাপনকেই সমস্যাজনক মনে করেন তিনি।
তার ভাষায়, ‘আমি শাহরুখের বিশাল ভক্ত। কিন্তু আগে যেসব সিনেমা আমার খুব পছন্দ ছিল, সেগুলো আবার দেখে সত্যিই অবাক হয়েছি। কারণ একজন নারী যখন ‘না’ বলত, সেটাকে কখনোই ‘না’ হিসেবে নেওয়া হতো না। একজন নারীকে অনুসরণ করাকেই প্রেম হিসেবে দেখানো হতো।’
বিশেষ করে নারীর ‘না’কে উপেক্ষা করে তাকে অনুসরণ করাকে যেভাবে প্রেম হিসেবে দেখানো হতো, সেটিই এই অভিনেত্রীকে ভাবিয়েছে।
উল্লেখ্য, রাধিকা আপ্তেকে সর্বশেষ ‘সালি মহব্বত’ ও ‘সিস্টার মিডনাইট’-এর মতো ভিন্ন ধারার কাজে দেখা গেছে।
What's Your Reaction?