মুক্তি পেলেন প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য করা সেই শিক্ষক

Oct 1, 2026 - 06:03
Oct 1, 2026 - 06:10
 0  2
মুক্তি পেলেন প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য করা সেই শিক্ষক

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে থানায় নিয়ে আসার ১২ ঘণ্টা পর প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যরা ওই শিক্ষককে তার নিজ বাসভবনে পৌঁছে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।


তিনি বলেন, মুক্ত হওয়া শিক্ষকের নাম গোলাম কিবরিয়া লালন। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক।


তাকে আটক করা হয়নি দাবি করে ওসি বলেন, ‘সকালে কিছু অভিভাবক মব সৃষ্টির চেষ্টা করলে নিরাপত্তার জন্য ওই শিক্ষককে থানায় নিয়ে আসা হয়।’পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভের মুখে সকাল ১১টার দিকে স্কুল গেট থেকে লালনকে থানায় নিয়ে আসে দৌলতপুর থানা পুলিশ।

এদিকে শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্‌দী আমিন।


পুলিশ জানায়, মঙ্গলবার দশম শ্রেণির বাংলা ক্লাসে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের বাংলা উচ্চারণ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ তোলে শিক্ষার্থীরা। এরপর বিষয়টি অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে বুধবার সকালে তাদের কয়েকজন বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষক লালনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ ছিল, গত মঙ্গলবার বিকেলে দশম শ্রেণির বাংলা পাঠদানের সময় জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গটি আসে। আলোচনা চলাকালে শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণের ধরন নিয়ে বিরূপ মন্তব্য করেন, যা একপর্যায়ে আপত্তিকর রূপ নেয় বলে দাবি করা হয়।


তবে পুরো ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল।

তার ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় শিক্ষক লালন কোনো প্রকার কটূক্তি বা আপত্তিকর মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেন। শিক্ষকটি পুলিশকে জানান, দীর্ঘ সময় প্রবাসে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে—শ্রেণিকক্ষে সাধারণ আলোচনা প্রসঙ্গে কেবল এটুকু কথাই তিনি বলেছিলেন, যা পরবর্তীতে অতিরঞ্জিত রূপ পেয়ে ক্ষোভের সৃষ্টি করেছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।