বৃদ্ধের পায়ে কুমিরের কামড়, অল্পের জন্য প্রাণে রক্ষা
খুলনার দাকোপ উপজেলায় গোসল করতে খালের পানিতে নেমেছিলেন ৭৫ বছরের সুবোধ গাইন। হঠাৎ পানির নিচ থেকে ছুটে এসে তাঁর ডান পায়ে কামড় বসায় একটি কুমির।যন্ত্রণায় চিৎকার করে ওঠেন তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। দ্রুত পানি থেকে তুলে আনায় প্রাণে বেঁচে যান সুবোধ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম ঢাংমারী খালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে খালে গোসল করতে নেমেছিলেন সুবোধ গাইন।হঠাৎ একটি কুমির তাঁর ডান পায়ে কামড় দেয়। কুমিরটি খুব বড় না হওয়ায় তিনি প্রতিরোধের সুযোগ পান। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁকে পানি থেকে তুলে আনেন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কুন্তল মণ্ডল জানান, কুমিরের কামড়ে সুবোধের ডান পায়ে গভীর ক্ষত হয় এবং রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসা দেওয়ার পর ক্ষতস্থানে ১৫টি সেলাই দেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর একই এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত হন ঢাংমারীর আরেক বাসিন্দা সুব্রত মণ্ডল (৩২)। কুমির তাঁকে পানির নিচে টেনে নেয়। প্রায় সাত ঘণ্টা পর রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়
What's Your Reaction?