তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এ থানা পরিদর্শনে গিয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানার অবকাঠামো এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি থানা ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস কক্ষ, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।
থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাধারণ ডায়েরি বা অভিযোগ করতে আসা ব্যক্তিদের সমস্যার কথা তিনি শোনেন এবং অভিযোগগুলো দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও সেবা দেওয়া। প্রতিটি থানাকে মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে। নাগরিকরা যেন কোনো ধরনের মাধ্যম ছাড়াই নির্ভয়ে থানায় এসে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
পরিদর্শনের সময় পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?