ডিজেল রপ্তানি বন্ধের হুমকি ট্রােম্পের

Oct 2, 2026 - 14:31
 0  2
ডিজেল রপ্তানি বন্ধের হুমকি ট্রােম্পের
ছবি:সংগৃহীত

বৈশ্বিক জ্বালানিসংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি বন্ধ করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় ইউরোপীয় দেশগুলোকে নিজেদের কিছু মজুত ডিজেল ছেড়ে দেওয়ার জন্য বলতে পারেন তিনি।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইউরোপকে অবিলম্বে মজুত থেকে ডিজেল ছাড়ার আহ্বান জানিয়েছেন।

বেসেন্ট বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে ‘আমেরিকান কৃষক, ট্রাকচালক ও ব্যবসায়ীদের’–এর বোঝা বহন করতে দেওয়া উচিত নয়।

ইরান যুদ্ধের কারণে ডিজেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র রপ্তানি সীমিত করার হুমকি দিয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন ভোটারদের কাছেও বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সম্ভাব্য ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছে যুক্তরাজ্য।

যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজেল সরবরাহকারী দেশ। তারা প্রতিদিন ১২ লাখ থেকে ১৫ লাখ ব্যারেল ডিজেল রপ্তানি করে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র রপ্তানি বন্ধ করলে বিশ্বের অন্যান্য দেশেও ডিজেলের দামে আরও চাপ তৈরি হতে পারে।

সপ্তাহান্তে ট্রাম্প বলেছিলেন, ডিজেল রপ্তানি বন্ধের বিষয়টি তাঁরা ‘খুব গুরুত্বের সঙ্গে ভাবছেন’। গতকাল তিনি বলেছেন, ইউরোপীয় দেশগুলোকে তাদের কিছু ডিজেল মজুত ছাড়তে বলতে পারেন। একই দিন বেসেন্টও ইউরোপকে তা ‘অবিলম্বে’ করার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ‘আমাদের ইউরোপীয় অংশীদারদের বিদ্যমান প্রতিশ্রুতি পূরণের কাজ দ্রুততর করা এবং চলমান সরবরাহব্যবস্থার বিঘ্ন মোকাবিলায় অতিরিক্ত সরবরাহ অবিলম্বে উন্মুক্ত করা উচিত।’

নভেম্বরের নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এসব পদক্ষেপের কথা বলা হচ্ছে। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারিত হবে। প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখার প্রত্যাশায় রিপাবলিকানদের হয়ে ট্রাম্পের যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারে যাওয়ার কথা আছে।

যুক্তরাজ্যেও ডিজেলের দাম চলতি সপ্তাহে রেকর্ড পরিমাণ বেড়েছে। মোটরচালকদের সংগঠন আরএসি জানিয়েছে, দেশটিতে ডিজেলের গড় দাম এখন প্রতি লিটারে ২০০ পেন্সের সামান্য নিচে। সর্বশেষ হিসাবে দাম দাঁড়িয়েছে ১৯৯ দশমিক ৭৯ পেন্স, যা আগের ১৪২ দশমিক ৩৮ পেন্সের তুলনায় অনেক বেশি।

সম্ভাব্য মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে গতকাল ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মার্টিন ম্যাকক্লাসকি।

আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র বিবিসিকে বলেছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসহ অন্য দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া যুক্তিযুক্ত হবে। তবে বছরের শুরুতে কৌশলগত জ্বালানি মজুত থেকে সমন্বিতভাবে কিছু মজুত ছাড়ার পরও ইউরোপের হাতে এখনো কিছু মজুত রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, ‘আমাদের সরবরাহব্যবস্থা বৈচিত্র্যময় ও স্থিতিস্থাপক। আমরা আন্তর্জাতিক অংশীদার এবং যুক্তরাজ্যের জ্বালানি শিল্পের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।’

ওই মুখপাত্র আরও বলেছেন, সরকার বলেছে, সম্ভাব্য ডিজেল–সংকট নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তবে দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে তারা।

সূত্র: রয়টার্স 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।