চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম নামে ( ২৭ ) বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর আকবরশাহ থানার একে খান মোড়ের সিটি প্যালেস হোটেলের দ্বিতীয় তলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল নাঈম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকার মনসুর হেলালের স্ত্রী। তিনি গর্ভবতী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর জানান, ধারণা করা হচ্ছে, ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ সূত্র জানা গেছে, গত আড়াই বছর আগে জান্নাতুল নাঈম ও মনসুর হেলালের বিয়ে হয়েছে। নগরীতে তারা একটি ভাড়া বাসায় থাকতেন। সেই বাসাটি ছেড়ে দেওয়ার পর গত ১৮ সেপ্টেম্বর থেকে এই দম্পতি হোটেলে থাকছেন। জান্নাতুলের স্বামী নগরীর সল্ট ক্রসিং এলাকায় ট্রান্সপোর্টের ব্যবসার সঙ্গে জড়িত। দুপুরে খাবার নিয়ে রুমে ঢোকার পর স্ত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন তিনি। পরে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বাবা-মাকেও খবর দেওয়া হয়েছে।
What's Your Reaction?