গুলশানে দীপু মনির স্বামীর জানাজায় গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে গুলশানের আজাদ মসজিদ এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আটক ভৈরব উপজেলা ছাত্রলীগ নেতা আল রাফি প্রত্যয়কে (১৯) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক কে. এম. মফিজুর রহমান আসামি প্রত্যয়কে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গতকাল দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে গুলশান থানাধীন আজাদ মসজিদসংলগ্ন এলাকায় সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামি প্রত্যয় তার সহযোগীদের নিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আসামি প্রত্যয় গত ৭ আগস্ট গুলশান থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার সঙ্গে জড়িত। ওই মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা এবং গোপন বৈঠকের অভিযোগ রয়েছে।
ওই ঘটনায় দায়ের করা মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক রাখার আবেদনে বলা হয়, মামলার তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। পরবর্তীতে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
গ্রেপ্তারকৃত আল রাফি প্রত্যয় ভৈরব উপজেলা ছাত্রলীগের নেতা। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকায়। বর্তমানে তিনি কাঁঠালবাগানের এবিসি হোস্টেলে বসবাস করছিলেন।
What's Your Reaction?