এমবাপে-বেলিংহ‍্যামের গোলে ৯ জনের সেভিয়াকে হারাল রেয়াল মাদ্রিদ

May 19, 2025 - 04:08
 0  25
এমবাপে-বেলিংহ‍্যামের গোলে ৯ জনের সেভিয়াকে হারাল রেয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক। বিনা
দ্বাদশ মিনিটে ১০ জনের দলে পরিণত হলো সেভিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে হয়ে গেল ৯ জনের দল। তবুও তাদের চেপে ধরে গোল আদায় করতে পারছিল না রেয়াল মাদ্রিদ। ক্রসবার বাঁধা হয়ে দাঁড়ানোর পর অবশেষে ৭৫তম মিনিটে জালের দেখা পেলেন কিলিয়ান এমবাপে। পরে ব্যবধান বাড়ালেন জুড বেলিংহ্যাম। স্বস্তির জয় পেল কার্লো আনচেলত্তির দল।

২০২৪-২৫ মৌসুমের লা লিগা শিরোপা বার্সেলোনার নিশ্চিত হয়ে যাওয়ায় রেয়ালের জন্য রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল জয়ের ধারায় থাকার। বিদায়ী কোচ আনচেলত্তিকেও আনন্দের উপলক্ষ এনে দেওয়ার। ২-০ গোলের জয়ে সে চাওয়া পূরণ হলো রেয়ালের।

৩৭ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে রেয়াল। লিগে আনচেলত্তির দলের বাকি আছে আর এক ম্যাচ, রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

নিজেদের মাঠে ম্যাচের শুরুর দিকেই ১০ জনের দলে পরিণত হয় সেভিয়া। এমবাপেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লোইক বাদে। প্রতিপক্ষের শক্তি কমলেও রেয়াল বিরতির আগে তাদের চেপে ধরতে পারেনি সেভাবে।

প্রথমার্ধের শেষ দিকে বাম দিক দিয়ে আক্রমণে ওঠা এমবাপে গায়ের সঙ্গে সেঁটে থাকা নেমনি গুদেলের প্রতিরোধ ভেঙে ডান পায়ে শট নিয়েছিলেন, কিন্তু বল দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজেদের বক্সের সামনে হাকোবো রামোন বল হারিয়ে বিপদ ডেকে এনেছিলেন রেয়ালের জন্য, কিন্তু গার্সিয়া পাসকেল বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলকিপারকে একা পেয়েও বাইরে মেরে হতাশ করেন।

গোলশূন্য এই অর্ধে ৬১ শতাংশ বলের নিয়ন্ত্রণ রেখে গোলের জন্য ছয়টি শট নিতে পারে রেয়াল। এর মধ্যে মাত্র একটি ছিল লক্ষ্যে। সেভিয়ার চার শটের একটি লক্ষ্যে ছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামার পরই অহেলিয়া চুয়ামেনিকে ফাউল করেন ইসাক রোমেরো। শুরুতে হলুদ কার্ড দিলেও ভিএআরে ফাউলের ভয়াবহতা খতিয়ে দেখে পরে লাল কার্ড দেখান রেফারি। ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া।

৬০তম মিনিটে মদ্রিদের পাসে ভালভেরদের শট গোললাইনের ওপর থেকে নেমানিয়া ফেরানোর পর বাজে অফসাইডের বাঁশি। ৭১তম মিনিটে এমবাপের শট ক্রসবার কাঁপায়।

অবশেষে ৭৫তম মিনিটে এই ফরাসি ফরোয়ার্ডের নিচু বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

৮৭তম মিনিটে রেয়ালের জয় নিশ্চিত করে দেন বেলিংহ্যাম। গার্সিয়ার হেড পাসে দূরের পোস্টে ফাঁকায় থাকা ইংলিশ মিডফিল্ডার লক্ষ্যভেদ করেন অনায়াসে।

একই সময়ে শুরু হওয়া অন‍্য ম‍্যাচে বার্সেলোনা হেরে যাওয়ায় দুই দলের মধ‍্যে কমেছে ব‍্যবধান। ৩৭ ম‍্যাচে হান্সি ফ্লিকের দলের পয়েন্ট ৮৫, রেয়ালের হলো ৮১।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow