উত্তরায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬

Jan 16, 2026 - 20:07
 0  34
উত্তরায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬

বিনা ডেস্ক 

রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের ৭ তলা ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৬  জন।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৭টা ৫৮ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছায় তাদের ২টি ইউনিট। এরপর ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১০টার দিকে আগুন নির্বাপন করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ শুক্রবার (১৬ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবাসিক ভবনে আগুনের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

নিহতরা হলেন— ময়নসিংহের ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী গ্রামের মো. শহিদুলের মেয়ে রোদেলা (১৪), একই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২) ও মো. রাহাব (১৭), কুমিল্লা সদর উপজেলার দিঘীরপাড় এলাকার ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফসানা (৩৭) ও তাদের আড়াইবছর বয়সী ছেলে মো. রিশান। 

আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে বলে জানা যায়। আজ সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow