ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত

Jun 13, 2025 - 16:35
Jun 13, 2025 - 17:02
 0  25
ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত

আন্তর্জাতিক ডেস্ক। বিনা
ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাতের আঁধারে চালানো এই হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে একথা বলা হয়েছে বলে শুক্রবার (১৩ জুন) জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এর আগে ইসরায়েলি হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন বলে জানানো হয়।

সিএনএন বলছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অব স্টাফ) মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরায়েলের রাতভর চালানো বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএন।

মোহাম্মদ বাঘেরি ছিলেন ইরানি সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং তিনিই দ্বিতীয় গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তি, যিনি এই নজিরবিহীন ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন। এর আগে একই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামির মৃত্যুর খবর নিশ্চিত করে একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শুক্রবার ভোররাতে চালানো এই ইসরায়েলি আক্রমণকে বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো ধ্বংসে সবচেয়ে বড় আঘাত, যার জবাবে ইরানের পক্ষ থেকে জোরালো প্রতিক্রিয়া আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এই দুই শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ইরানের সামরিক কমান্ড কাঠামোতে বড় ধরনের ধাক্কা লাগতে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া  ইসরায়েলের হামলায় রাজধানী তেহরানে অবস্থিত ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-এর সদর দপ্তরে আঘাত হানা হয়েছে বলে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ওই এলাকায় আগুন ও ধোঁয়ার ঘন কুণ্ডলী দেখা গেছে।
==============

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।