আইপিএলে নতুন দায়িত্বে যুবরাজ সিং
আইপিএলে এবার নতুন ভূমিকায় আবির্ভুত হবেন যুবরাজ সিং। দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক এই অলরাউন্ডার। আইপিএলে খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন কাটালেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোচিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
দিল্লির সঙ্গে পুরনো সম্পর্ক রয়েছে যুবরাজের। ২০১৫ সালের আইপিএলে ১৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়েছিল দিল্লি, যা সে সময় টুর্নামেন্ট ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড গড়েছিল। দীর্ঘদিন পর সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজিতেই এবার কোচ হিসেবে ফিরছেন তিনি।
এই নিয়োগের ফলে ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ফের জুটি বাঁধছেন যুবরাজ। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ। ডাগআউটে এই দুই কিংবদন্তির একসঙ্গে কাজ করা নিয়ে এরই মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে।
আইপিএলে এখনও শিরোপার দেখা পায়নি দিল্লি। দলটির সেই অপেক্ষা ঘোচাতে যুবরাজের অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
যুবরাজকে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল বলেছেন, ‘যুবরাজকে দিল্লি ক্যাপিটালস পরিবারে পেয়ে আমরা দারুণ আনন্দিত। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচজয়ী সে। বর্তমান সময়ের অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার অভিজ্ঞতা, জয়ের মানসিকতা ও খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের দক্ষতা আমাদের দলের জন্য মূল্যবান হবে।’
What's Your Reaction?