অভিনেতা জেমস স্লোয়েন আর নেই
হলিউডের পরিচিত অভিনেতা জেমস স্লোয়েন আর নেই। জনপ্রিয় এই অভিনেতা ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। সম্প্রতি তার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।
১৯৯০-এর দশকে ‘স্টার ট্রেক’ সিরিজের ‘দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ ও ‘ভয়েজার’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান জেমস স্লোয়েন। পাশাপাশি দীর্ঘ ১৮ বছর বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনচিত্রে কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন তিনি।
১৯৭৩ সালের অস্কারজয়ী সিনেমা ‘দ্য স্টিং’-এ মোটোলা চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন জেমস। সিনেমাটিতে তিনি ডয়েল লনেগানের জুয়া পরিচালনাকারী কর্মীর ভূমিকায় ছিলেন। এরপর ১৯৮০ সালের ‘জ্যানাডু’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।
১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন জেমস স্লোয়েন। অভিনয়ের পাশাপাশি তিনি মার্কিন সেনাবাহিনীতেও তিন বছর দায়িত্ব পালন করেন। পরে নিউইয়র্কে ফিরে থিয়েটারে কাজ শুরু করেন এবং ১৯৬৯ সালে ব্রডওয়েতে অভিনয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। ১৯৭০ সালে ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।
দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য চরিত্রে দেখা গেছে তাকে। মৃত্যুকালে স্ত্রী অভিনেত্রী ডিআরড্রে লেনিগান, ছেলে সংগীতশিল্পী ড্যানিয়েল এবং মেয়ে অভিনেত্রী সামান্থা স্লোয়েনকে রেখে গেছেন এই অভিনেতা
What's Your Reaction?