অপ্রতিম হত্যাকাণ্ডে তারকাদের ক্ষোভ

Sep 20, 2026 - 16:51
 0  4
অপ্রতিম হত্যাকাণ্ডে তারকাদের ক্ষোভ

ছবি তোলার উদ্দেশ্যে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোনটি নিয়ে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। কিন্তু আর ফেরা হয়নি। লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় তার নিথর মরদেহ। শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনায় স্তব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন,পাশাপশি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তুলছেন তারকারা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের সন্তান অপ্রতিমের এমন নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

ঘটনাটি নাড়া দিয়েছে দেশের নানা শ্রেণি-পেশার মানুষকেও। শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনায় স্তব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়ে অনেকেই অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, পাশাপাশি দাবি তুলেছেন সুষ্ঠু তদন্ত ও বিচারের।

অভিনেতা সিয়াম আহমেদ নিজের ফেসবুক পোস্টে অপ্রতিমের ছবি দেখে নিজের সন্তানের কথা মনে পড়ার কথা জানান।

তিনি লিখেছেন, ‘অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে। একটা সন্তান বিকেলে বাসা থেকে বের হয়েছিল ছবি তুলবে বলে। সেই সন্তান আর বাসায় ফিরল না। একজন বাবা মায়ের জন্য এর চেয়ে ভয়ংকর কোনো অপেক্ষা, কোনো সংবাদ হতে পারে কিনা আমি জানি না।

সিয়াম আরো লেখেন, ‘অপ্রতিমের বাবা মা ও পরিবারের মানুষগুলোর এই মুহূর্তের কষ্ট আসলে কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। তাদের প্রতি আমার গভীর সমবেদনা। কী ঘটেছিল, কেন ঘটেছিল, তার সঠিক উত্তর তদন্তের মাধ্যমে সামনে আসুক। কোনোভাবেই যেন সত্যটা চাপা না পড়ে। সর্বোচ্চ সততার সাথে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতিম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না। একজন বাবা হিসেবে আজ শুধু এটুকুই মনে হচ্ছে, আমাদের সন্তানদের জন্য আরো নিরাপদ একটা পৃথিবী তৈরি করার দায় আমাদের সবার।’

তৌসিফ মাহবুব লেখেন, ‘আমরা আইফোনকে এতটাই মহিমান্বিত করেছি যে এটি একটি জীবনের চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠেছে। দোষটা আমাদেরই।’

অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অভিনেত্রী পূজা চেরীও। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুর খবরটি দেখে সত্যিই আমি গভীরভাবে মর্মাহত। একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন—এভাবে অকালে ঝরে যাবে; এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। একটি শিশুর এমন মৃত্যু শুধু একটি পরিবারের নয়, আমাদের সবার হৃদয়ে গভীর শোকের ছাপ রেখে যায়। অপ্রতিমের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেন।’

বিচারের দাবি জানিয়ে পূজা লেখেন, ‘এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা সামনে আসুক এবং যারা দায়ী, তারা যেন আইনের আওতায় আসে—এটাই প্রত্যাশা। অপ্রতিম, তুমি শান্তিতে থেকো। তোমার জন্য রইল অশেষ ভালোবাসা ও প্রার্থনা।’

অভিনেতা ইরফান সাজ্জাদ শোকের পাশাপাশি নিজের ক্ষোভও প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আহা বাচ্চাটা! বাংলাদেশি হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। যারা অলরেডি ছেড়ে গেছেন, এই অভিশপ্ত দেশ থেকে বেঁচে গেছেন। সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে না। আর যে দেশে প্রত্যক্ষ প্রমাণ থাকার পরও বিচার হয় না, সে দেশ জীবনেও নিরাপদ হবে না। যদি সামর্থ্য থাকে সুযোগ থাকে এই দেশ ছেড়ে ভাগেন। যাতে আপনার সন্তানকেও অলস শুক্রবারের দুপুর বেলা বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরে আসতে না হয়।’

অপ্রতিমের এমন মৃত্যুতে শোবিজ তারকাদের প্রতিক্রিয়ায় যেমন গভীর শোক উঠে এসেছে, তেমনি উঠে এসেছে নিরাপদ পরিবেশ ও সুষ্ঠু বিচারের দাবি। এখন তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার অপেক্ষায় অপ্রতিমের পরিবারসহ সাধারণ মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।