‘‘আমার একটাই জিনিস হচ্ছে আমি একটু প্রতিবাদী’’, ওমর সানী
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ট্রলের শিকার হন। তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও সমালোচনা দেখা গেলেও এসব নিয়ে খুব একটা চিন্তিত নন এই অভিনেতা। বরং নিজের অবস্থানে থেকেই সরাসরি কথা বলতে পছন্দ করেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রল প্রসঙ্গে ওমর সানী বলেন, তাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ তিনি কখনো করেননি। তার ভাষায়, অনেক সময় তার কর্মকাণ্ডকে অন্যরা নিজেদের মতো করে ট্রলের বিষয় বানিয়ে ফেলেন।
এই অভিনেতার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু মানুষ রয়েছেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন বিষয়কে ট্রলের রূপ দেন। তবে এসবকে গুরুত্ব দিতে চান না তিনি।
নিজের স্বভাবের প্রসঙ্গ টেনে ওমর সানী বলেন, ‘আমার একটাই জিনিস হচ্ছে, আমি একটু প্রতিবাদী। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এই সরাসরি কথা বলাটা অনেকের ভালো লাগে না। যাদের আঁতে ঘা লাগে, তারা এসব ছড়ায়। এসবে তাই পাত্তা দিই না। যারা এসব করে, তারা ফালতু লোক।’
সম্প্রতি নিজের ব্যবহৃত একটি ঘড়ি নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা হওয়ার কথা জানান ওমর সানী। তার দাবি, অনেকে ঘড়িটির দাম প্রায় ২৯ লাখ টাকা বলে প্রচার করেছেন। অথচ তার হাতে থাকা ঘড়িটির প্রকৃত দাম মাত্র ১১০০ টাকা।
ওমর সানী বলেন, ‘আমি এটা প্রাউডলি বলতে পারি, কোনো দিন কোনো কিছুতে আলগা বাহাদুরি করিনি। আমার মার্সিডিজ থাকার পরও আমি ফুটানি করি না। এটা নিয়ে বড় করে কথা বলার কিছু নেই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট নিয়ে সমালোচনার মুখে পড়ে তা মুছে ফেলেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সাধারণত পোস্ট মুছে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এক-দুবার হয়ত পোস্ট সরিয়েছেন। তবে কাউকে ছোট করে কখনও পোস্ট করেননি বলেও দাবি করেন তিনি।
শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা নিয়েও নিজের মত জানিয়েছেন ওমর সানী। তার মন্তব্য, যারা সত্যিকার অর্থে শিল্পী, তারা তুলনামূলক কম কথা বলেন বরং যারা শিল্পী নন, তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি কথা বলেন।
What's Your Reaction?