‘লাপাত্তা’ গল্পে নুসরাত ফারিয়া

Aug 15, 2026 - 01:38
Sep 4, 2026 - 02:13
 0  14
‘লাপাত্তা’  গল্পে নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া পর্দায় এলেই দর্শকের চোখে আলাদা এক প্রত্যাশা তৈরি হয়। আভিজাত্য, জাঁকজমক কিংবা গ্ল্যামারের সঙ্গে নিজেকে উপস্থাপনের পাশাপাশি বারবার ভিন্ন চরিত্রে নিজেকে ভাঙার চেষ্টাও করেছেন তিনি।

এফডিসিতে শুরু হওয়া ‘লাপাত্তা’র শুটিং এরপর ছুটবে পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের কয়েকটি লোকেশনে। প্রায় ১০ দিন ধরে চলবে এই শুটিং। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি – একজন নারী, যাঁকে ঘিরে এগিয়ে যাবে রহস্য, থ্রিল, আবেগ আর কমেডির মিশেলে তৈরি এক ভিন্নধর্মী গল্প।

পর্দায় যে চরিত্রকে ঘিরে এত আয়োজন, সেই চরিত্রের প্রয়োজনেই ফারিয়ার জন্য ঝরনা স্পটের ছোট্ট পুকুরের ওপর একটি সেতু। বাহারি রঙের কাপড়ে সাজানো সেই সেতুর চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছিল নানা জাতের ফুল। চারপাশের সাজসজ্জায় যেন বাস্তবতার সঙ্গে কল্পনারও মিশেল। আর তিনিই ফারিয়া। 

লাপাত্তা এই লেডিসের এবারের প্রত্যাবর্তনের গল্পটি একটু অন্যরকম। দীর্ঘ সময় ধরে নানা ঝড়-ঝাপটা পেরিয়ে আবারও অভিনয়ের সেটে ফিরেছেন তিনি। মাঝখানে একটি মিউজিক ভিডিওতে কাজ করলেও বড় কোনো অভিনয় প্রকল্পে নিয়মিত ছিলেন না। ফলে ‘লাপাত্তা’র সেটে তাঁর ফেরাটা নতুন অধ্যায়েরও ইঙ্গিত দিল যেন। 

অবশ্য বিরতিতে একেবারে নিষ্ক্রিয় ছিলেন না ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। ঈদে প্রকাশিত তাঁর গান ‘লোকে বলে’ শ্রোতাদের কাছ থেকে পেয়েছে ভালো সাড়া। গানটির প্রচারণা নিয়েও ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। পাশাপাশি বিদেশের মঞ্চেও নিয়মিত হয়েছেন। সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আগামী মাসে লন্ডনেও একটি শোতে অংশ নেওয়ার কথা রয়েছে। ভক্তদের জন্য আরও দুটি নতুন গান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে সব ব্যস্ততার মাঝেও অভিনয়ের জায়গাটিই যে তাঁর কাছে বিশেষ, ‘লাপাত্তা’তে ফেরার মধ্য দিয়ে সেটিই যেন আবার স্পষ্ট হলো। ফারিয়া বললেন, আমি অভিনয়ের মানুষ, সিনেমার মানুষ এখন তো গানের মানুষ। এফডিসি আমার চিরচেনা স্থান। কদিন আগেই এখানে গানের শুটিং করেছিলাম। এখন করছি লাপাত্তা। দারুণ গল্পের কাজ। মেহেদি হাসান হৃদয় এই সময়ের মেধাবি নির্মাতা। দর্শকদের পালস বুঝেই কাজ করছেন তিনি। 

‘লাপাত্তা’ মূলত একটি কমেডি-থ্রিলার। গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন ফারিয়া। তাঁর সঙ্গে থাকছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয় এবং আরও কয়েকজন অভিনয়শিল্পী। প্রথম দিনের শুটিংয়ে ফারিয়ার সঙ্গে অংশ নিয়েছেন নাসির উদ্দিন খান। নির্মাতার ভাষ্য, গল্প এবং নির্মাণশৈলীর কারণে কাজটি দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করবে। সে সূত্র ধরে ফারিয়া বললেন, গল্পে নারী চরিত্রই প্রধান। পুরো গল্পটি সেই চরিত্রকে ঘিরেই এগিয়েছে। সাসপেন্স, থ্রিল এবং আবেগের পাশাপাশি রয়েছে কমেডির উপাদান। ফলে দর্শক এতে ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাবেন বলে বিশ্বাস তাঁর।

ওটিটিতে নুসরাত ফারিয়ার যাত্রা অবশ্য একেবারে নতুন নয়। শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ দিয়ে এই মাধ্যমে তাঁর অভিষেক। এরপর ‘পাতালঘর’-এ অভিনয় করেন তিনি। ছবিটি মূলত বড় পর্দার জন্য নির্মিত হলেও পরে পরিকল্পনা পরিবর্তনের কারণে ওটিটিতে মুক্তি দেওয়া হয়। সেই অভিজ্ঞতার পর এবার ‘লাপাত্তা’য় আরও বড় পরিসরে গল্পনির্ভর একটি চরিত্রে দেখা যাবে তাঁকে।

কেন ‘লাপাত্তা’? ফারিয়ার উত্তরেও রয়েছে গল্পের প্রতি তাঁর আগ্রহের ছাপ। তাঁর মতে, এটি নিছক থ্রিলার নয়; কমেডির উপাদানও গল্পটিকে আলাদা মাত্রা দিয়েছে। ওটিটিতে গল্পনির্ভর ও মানসম্মত কাজের সুযোগ রয়েছে। পাশাপাশি শক্তিশালী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের সুযোগও তাঁকে আকৃষ্ট করেছে।

কথা বলে বুঝা গেল, ফারিয়া এখন বেশ পরিণত। জীবনের ওপর দিয়ে যাওয়া নানা ঝড় তাঁকে অনেক পরিণত করেছে। দিয়েছে ধৈর্য্য ধরার দারুণ শক্তি। অভিনেত্রীর ভাষ্য, জীবনটা শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা প্রতিনিয়ত শিখি আর পরিণত হই। এই পরিণত হওয়ার যাত্রাটা একেকজনের কাছে একেক রকমভাবে আসে। তবে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষের ভালোবাসা। এই ভালোবাসার শক্তি অনেক। সেই শক্তির বলেই সব পরিস্থিতি পেরিয়ে লাপাত্তার শুটিং সেটে আসতে পারছি। হয়তো আগামী দিনে আরও বড় বড় কাজের সঙ্গেও যুক্ত হব। 

শুটিং শেষ হলে ‘লাপাত্তা’ মুক্তির পরিকল্পনা রয়েছে আসন্ন দুর্গাপূজায়, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। অর্থাৎ উৎসবের আবহে দর্শকের সামনে হাজির হতে পারেন ফারিয়া– এবার নায়িকা হিসেবে শুধু গ্ল্যামারের ঝলক নিয়ে নয়; বরং রহস্য আর গল্পের কেন্দ্রীয় এক নারী হয়ে।

এদিকে বড় পর্দাতেও ফারিয়ার ব্যস্ততা কমছে না। বাংলাদেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ফুটবল একাত্তর’। কলকাতায় মুক্তির অপেক্ষায় ‘রকস্টার’। এ ছাড়া ‘ঠিকানা বাংলাদেশ’ নামে সিনেমাটিও রয়েছে মুক্তির তালিকায়। পাশাপাশি নাম চূড়ান্ত না হওয়া আরও কয়েকটি চলচ্চিত্র নিয়েও কাজ চলছে।

সব মিলিয়ে নুসরাত ফারিয়ার সামনে যেন আবারও খুলে যাচ্ছে একাধিক দরজা। গান, সিনেমা, ওয়েব ফিল্ম–সব মাধ্যমেই নিজেকে নতুন করে মেলে ধরার প্রস্তুতি তাঁর। আর ‘লাপাত্তা’ সেই প্রত্যাবর্তনের প্রথম দৃশ্য। প্রকৃতির মতো জীবনেও কখনও রোদ, কখনও বৃষ্টি। কখনও আলো, কখনও অন্ধকার। সেসব পেরিয়েই ক্যামেরার সামনে আবার দাঁড়িয়েছেন ফারিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।