২০ বছর আগে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
২০০৬ সালে রাজধানীর কামরাঙ্গীচরে যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী মো. সানাউল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ অগাস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এরশাদ আলম জর্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি সানাউল্লাহকে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০০৬ সালের ৫ মে আসামি সানাউল্লাহ তার স্ত্রী রুবিনা আক্তার পিংকিকে যৌতুকের জন্য মারধর করেন। একপর্যায়ে কেরোসিনের চুলায় পানি গরম করে ভিক্টিমের শরীরে ঢেলে দেন।
এ সময় ভিক্টিমের শরীরের বেশ কিছু জায়গা ঝলসে যায়। একপর্যায়ে ভিক্টিমের চিৎকারে আশপাশের সবাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।
এ ঘটনায় ভিক্টিমের মা রাবিয়া আক্তার কামরাঙ্গীচর থানায় সানাউল্লাহসহ দশজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে কামরাঙ্গীচর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা ওই বছরের ২০ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেন।
যেখানে সানাউল্লাহ ছাড়া বাকি সব আসামিদের দোষ প্রাথমিকভাবে প্রমানিত না হওয়ায় তাদেরকে অব্যাহতির সুপারিশ করেন। মামলাটি অভিযোগ গঠন শেষে মোট ৯ জনের সাক্ষ্য নেন রাষ্ট্র পক্ষ।
What's Your Reaction?