যুবলীগের পরশ ও স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Aug 27, 2026 - 18:38
 0  10
যুবলীগের পরশ ও স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা এবং তানজীন ওহাব বৃষ্টিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
 
বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
 
দুদকের আবেদনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তার নিজের নামে এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং করে অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগের বিষয়ে বর্তমানে দুদকে অনুসন্ধান চলছে।
 
আবেদনে আরো বলা হয়, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা প্রয়োজন।
 
দুদক কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, দুদকের প্রধান কার্যালয় থেকে ইতিমধ্যে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির অনুমোদন দেওয়া হয়েছে।
 
আবেদনের ওপর শুনানি শেষে আদালত তিনজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আবেদন মঞ্জুর করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।