সঙ্গী আপনাকে সম্মান করেন না, বুঝবেন যে লক্ষণে
ভালোবাসার সম্পর্কে শুধু আবেগ বা টান থাকলেই হয় না, প্রয়োজন পারস্পরিক সম্মানও। সঙ্গীর কিছু আচরণ যদি আপনাকে বারবার অপমানিত, অবহেলিত বা ছোট মনে করায়, তাহলে বিষয়টি এড়িয়ে যাওয়া ঠিক নয়। কিছু লক্ষণ দেখেই বুঝতে পারেন, আপনার সঙ্গী আপনাকে কতটা সম্মান করেন।
কখন বুঝবেন সঙ্গী আপনাকে সম্মান করেন না:
সঙ্গী কথা রাখে না
সঙ্গী যদি আপনাকে সম্মান করে, ভালোবাসে, তাহলে প্রতি মুহূর্তে তিনি চেষ্টা করবেন আপনাকে দেওয়া কথা রাখতে। প্রতিশ্রুতি রাখার তিনি প্রাণপণ চেষ্টা করবেন। কিন্তু সঙ্গী যদি প্রতিবারই কথা না রাখে, আপনার মনের অবস্থা বোঝার চেষ্টা না করে, তা হলে বুঝবেন তিনি আপনাকে সম্মান করেন না। তিনি কখনোই আপনার অনুভূতির তোয়াক্কা করেন না।
সবার সামনে আপনাকে নিয়ে হাসি-ঠাট্টা করা
সঙ্গী আপনার সাপোর্ট-সিস্টেম, স্ট্রেন্থ। যে কোনো পরিস্থিতিতে একে অন্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছেন। কিন্তু সঙ্গী আদতে তা করেন না। বরং, পরিচিত-অপরিচিত মানুষের সামনে সব সময়ে আপনাকে অপদস্থ করেন। আর বলেন যে, মজা করছেন। কিন্তু এই মজার ছলেই তার আসল রূপ বেরিয়ে আসে। সঙ্গী যদি সত্যি আপনার কেয়ার করেন, তা হলে সবার সামনে তিনি ঢাল হয়ে দাঁড়াবেন। মজা একেবারেই করবেন না।
আপনার সাফল্যের মূল্য না দেওয়া
ধরুন আপনি নতুন চাকরি পেলেন, কিংবা কর্মক্ষেত্রে পদোন্নতি হলো। আপনার এই সাফল্যে সঙ্গী একেবারেই খুশি নন। আপনার জীবনে কী ঘটছে, তা নিয়ে সঙ্গী মাথা ঘামান না। এই ধরনের আচরণ সম্পর্কে একেবারেই কাম্য নয়। বিষয়গুলো ছোট হলেও এগুলোই প্রমাণ করে, তিনি একেবারেই আপনাকে সম্মান করেন না।
আপনার মতামতকে গুরুত্ব না দেওয়া
সম্পর্কে দুজনের মতামতেরই গুরুত্ব থাকা উচিত। কিন্তু সঙ্গী যদি আপনার কথা শুনতেই না চান কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বারবার আপনার মতামতকে উপেক্ষা করেন, তাহলে সেটিও অসম্মানের লক্ষণ হতে পারে। আপনার কথা বলার সুযোগ দেওয়া এবং আপনার মতামতকে গুরুত্ব দেওয়া সুস্থ সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ।
আপনার সীমারেখাকে সম্মান না করা
প্রত্যেক মানুষেরই কিছু ব্যক্তিগত সীমারেখা থাকে। আপনি কোনো বিষয়ে অস্বস্তি প্রকাশ করার পরও সঙ্গী যদি বারবার একই কাজ করেন, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। ভালোবাসার সম্পর্ক হলেও একে অন্যের ব্যক্তিগত পছন্দ, অপছন্দ ও সীমারেখার প্রতি সম্মান থাকা জরুরি।
সবসময় নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া
সম্পর্কে সব সিদ্ধান্ত একজনের ইচ্ছায় হওয়া উচিত নয়। সঙ্গী যদি সবসময় নিজের সিদ্ধান্ত আপনার ওপর চাপিয়ে দেন এবং আপনার পছন্দ বা প্রয়োজনকে গুরুত্ব না দেন, তাহলে বুঝতে হবে সম্পর্কের মধ্যে ভারসাম্যের অভাব রয়েছে। দীর্ঘদিন এমন আচরণ চলতে থাকলে সম্পর্কেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আপনার অনুভূতিকে গুরুত্ব না দেওয়া
আপনি কোনো বিষয়ে কষ্ট পেয়েছেন বা মন খারাপ করেছেন, এ কথা জানানোর পরও সঙ্গী যদি সেটিকে বাড়াবাড়ি বলে উড়িয়ে দেন, তাহলে তা অসম্মানেরই একটি লক্ষণ। আপনার অনুভূতি তার কাছে গুরুত্বপূর্ণ কি না, সেটিও একটি সুস্থ সম্পর্কের বড় বিষয়।
ভালোবাসার পাশাপাশি একটি সম্পর্কে সম্মান, বোঝাপড়া ও পারস্পরিক গুরুত্বও প্রয়োজন। সঙ্গীর এমন আচরণ বারবার চোখে পড়লে তা চুপচাপ সহ্য না করে শান্তভাবে বিষয়টি নিয়ে কথা বলা জরুরি।
What's Your Reaction?