রাজধানীতে চিকিৎসকের ওপর হামলা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালের অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হকের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।গ্রেপ্তারকৃতরা হলো—সানি সাহা (৩৮) ও ফাতিন ইসরাক লাবিব (২০)।
রোববার (২৩ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর শনির আখড়া ও নিকুঞ্জ-২ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, চেম্বারে রোগী দেখে বাসার উদ্দশে গত সোমবার (১৭ আগস্ট) বেরিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে সাড়ে ১০টার দিকে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এলে তার ওপর অতর্কিত হামলা চালায় একদল যুবক।
এ ঘটনায় ডা. মো. আসাদুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার কিছু দিন আগে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদা দাবি করা হয়েছিল।
What's Your Reaction?