আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব—আক্ষেপ সোহরাবের
রাজধানীতে মোটরসাইকেলে রাইড শেয়ার করে সংসার চালান সোরহাব সরদার। প্রতিদিন সব খরচ বাদে গড়ে আয় করেন এক হাজার টাকা বা তার চেয়ে একটু বেশি। সোরহাব সরদারের বাড়ি শরীয়তপুরে। স্ত্রী ও এক সন্তান নিয়ে থাকেন হাতিরঝিল এলাকায়।
আজ রোববার (১২ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমেছে। বৃষ্টির পানি ঢুকে মোটরসাইকেলের ইঞ্জিন বিকল হয়ে গেছে। তাই আয়ও বন্ধ।
বেলা সাড়ে ১১টার দিকে সোরহাব সরদারের সঙ্গে কথা হয় রাজধানীর কাজীপাড়ায়। তিনি তখন ইঞ্জিন বিকল হওয়া মোটরসাইকেলটি টেনে নিয়ে যাচ্ছিলেন। তাঁর গন্তব্য মগবাজার।
সোরহাব সরদার জানান, শাহবাগ থেকে সকাল ৮টার দিকে যাত্রী নিয়ে মিরপুর ১০ নম্বরে গিয়েছিলেন। তখনো শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বরের কাছাকাছি এই অংশের সড়কের হাঁটুসমান পানি ছিল।
ইঞ্জিনে কীভাবে পানি ঢুকেছে, তা জানতে চাইলে সোরহাব সরদার বলেন, মিরপুর ১ নম্বর থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে কাজীপাড়ায় পাশ দিয়ে একটি ব্যক্তিগত গাড়ি বেশি গতিতে চলে যায়। এতে পানির স্রোত মোটরসাইকেলের ইঞ্জিনে ঢুকে পড়ে। তখন ইঞ্জিন বিকল হয়ে যায়। কাজীপাড়া থেকে মোটরসাইকেল টেনে নিয়ে যাচ্ছিলেন।
সোরহাব সরদার বলেন, ‘আজকে আর কোনো ট্রিপ পামু না আগে গাড়ি ঠিক করতে অইব। তারপর কী করুম কইতে পারি না। কতক্ষণ সময় লাগে বলতে পারি না।’
শুধু সোরহাব সরদার নন, অতি বৃষ্টিতে রাস্তায় পানি জমে ভোগান্তিতে পড়েছেন আরও অনেকে।
What's Your Reaction?