বিন্নি নারকেল পিঠা
গুড় ও নারকেলের মিষ্টি স্বাদের সঙ্গে চালের গুঁড়ার মচমচে আবরণ—বিন্নি নারকেল পিঠা হতে পারে ঘরোয়া নাশতায় দারুণ একটি আয়োজন। সহজ কিছু উপকরণেই তৈরি করা যায় এই পিঠা।
উপকরণ
◑চাল — ২ কাপ
◑কোরানো নারকেল — ১ কাপ
গুড় — আধা কাপ বা স্বাদমতো
◑এলাচ — ২টি
◑লবণ — ১ চিমটি
◑পানি — প্রয়োজনমতো
◑তেল — ভাজার জন্য পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে চাল ভালোভাবে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে চালের পানি ঝরিয়ে পাতলা কাপড়ের ওপর ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিন, যাতে অতিরিক্ত পানি শুকিয়ে যায়।
এরপর চাল শিল-পাটা বা গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে ভালোভাবে চেলে নিন।
এবার একটি প্যানে গুড়, কোরানো নারকেল ও এলাচ দিয়ে রান্না করুন। নারকেলের মিশ্রণটি ভালোভাবে শুকিয়ে এলে চুলা বন্ধ করে এলাচ দুটি তুলে ফেলুন।
এরপর চালের গুঁড়ার সঙ্গে রান্না করা নারকেল, এক চিমটি লবণ ও প্রয়োজনমতো পানি দিয়ে গোলা তৈরি করুন। গোলা যেন খুব পাতলা বা বেশি ঘন না হয়।
কড়াই বা প্যানে পরিমাণমতো তেল গরম করুন। এরপর চামচ বা কাপের সাহায্যে গোলা নিয়ে গরম তেলে ছেড়ে দিন। এক পিঠ লালচে হয়ে এলে সাবধানে উল্টে অন্য পিঠও ভেজে নিন।
দুই পিঠ ভালোভাবে লালচে ও মচমচে হয়ে এলে পিঠা তুলে কিচেন টিস্যুর ওপর রাখুন, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়।
গরম কিংবা ঠান্ডা—দুইভাবেই পরিবেশন করতে পারেন। ঠান্ডা হলে পিঠাটি কিছুটা শক্ত হয়ে আরও মচমচে হয়ে যায়।
What's Your Reaction?