বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে।
বুধবার (১২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে আদালতের প্রধান ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর বিকট শব্দ ও ধোঁয়ায় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অজ্ঞাতপরিচয় একজন বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
ঘটনার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত এলাকা ঘিরে রাখেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, সিআইডির একটি দল তদন্ত শুরু করেছে। ঘটনার পর আদালত এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তবে বিস্ফোরণের কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
What's Your Reaction?