পুঁজিবাজারে লেনদেন কমে নেমে এসেছে ৫০০ কোটি টাকার ঘরে

Aug 26, 2026 - 23:13
Aug 26, 2026 - 23:13
 0  12
পুঁজিবাজারে লেনদেন কমে নেমে এসেছে ৫০০ কোটি টাকার ঘরে

দেশের শেয়ারবাজারে দরপতনের ধারা কাটছে না। আগের কার্যদিবসের মতো মঙ্গলবারও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। শেষ ১০ কার্যদিবসের মধ্যে ৯ দিনই বাজারে সূচকের পতন হয়েছে। এর পাশাপাশি ডিএসইতে লেনদেন নেমে এসেছে পাঁচ মাসের সর্বনিম্ন পর্যায়ে। এদিন মোট ৫০৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যদিও দিনের শুরুতে লেনদেনের পরিস্থিতি ছিল বেশ ইতিবাচক।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৩৭ পয়েন্ট পর্যন্ত বাড়ে এবং প্রথম আড়াই ঘণ্টা এই ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকে। তবে শেষ আধা ঘণ্টায় বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের দরপতনের চাপে শেষ পর্যন্ত ঋণাত্মক ধারায় বন্ধ হয় বাজার। দিনশেষে ডিএসইতে ১৭৫টি প্রতিষ্ঠানের দরবৃদ্ধির বিপরীতে ১৫২টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত ছিল।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ন্যূনতম ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯২টির দর বেড়েছে ও ৮২টির কমেছে। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৩৬টি কোম্পানির শেয়ারদর বৃদ্ধির বিপরীতে কমেছে ৩২টির। এ ছাড়া লভ্যাংশ না দেওয়া ‘জেড’ ক্যাটাগরির ৪৭টি কোম্পানির দর বেড়েছে এবং ৩৮টির দাম কমেছে। মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১২টির দর বৃদ্ধি ও ৮টির দরপতন ঘটেছে।

দরবৃদ্ধির সংখ্যা বেশি থাকা সত্ত্বেও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪০ পয়েন্টে অবস্থান নেয়। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ পয়েন্টে নেমেছে, তবে শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে মোট ৫০৬ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়, যা আগের দিনের ৬০১ কোটি ৯৭ লাখ টাকার তুলনায় ৯৫ কোটি ২৬ লাখ টাকা কম। এর আগে চলতি বছরের ৬ এপ্রিলে সর্বনিম্ন ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইর সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট, রানার অটোমোবাইল, এমএল ডাইং, সিটি ব্যাংক, বেক্সিমকো, লাভেলো আইসক্রিম এবং ফার কেমিক্যাল।

অন্যদিকে সিএসইতে দরপতনের চিত্রটি ছিল আরও স্পষ্ট। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৪৯টির দর বেড়েছে, বিপরীতে ১১৯টির দর কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।

ফলে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯৩ পয়েন্ট। দিন শেষে সেখানে মোট ৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৪ কোটি ৮২ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।