চীনে টেসলার ৩০ লাখ গাড়ি প্রত্যাহার হচ্ছে

Aug 26, 2026 - 23:17
Aug 26, 2026 - 23:17
 0  11
চীনে টেসলার ৩০ লাখ গাড়ি প্রত্যাহার হচ্ছে

চীনে প্রায় ৩০ লাখ টেসলা গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে এক্সপেং, শাওমি ও জিলির বিভিন্ন মডেলের গাড়িও ফিরিয়ে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে এ উদ্যোগের আওতায় আসছে ৪০ লাখের বেশি গাড়ি।

জরুরি সময়ে দরজা খোলা নিয়ে উদ্বেগ

গাড়ির বাইরের দরজার হাতল সহজে শনাক্ত করা না যাওয়ায় দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হওয়া কঠিন হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।

টেসলা জানিয়েছে, তাদের কিছু মডেল ৩, মডেল ওয়াই, মডেল এস ও মডেল এক্স গাড়ির দরজার হাতল গাড়ির ভেতরের অংশের রঙের সঙ্গে প্রায় একই হওয়ায় সহজে খুঁজে পাওয়া ও ব্যবহার করা কঠিন হতে পারে।

বিশেষ করে বড় ধরনের দুর্ঘটনায় গাড়ির লো-ভোল্টেজ বৈদ্যুতিক ব্যবস্থা অচল হয়ে গেলে দরজা দ্রুত খোলা কঠিন হতে পারে। এতে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা বের হতে এবং বাইরে থাকা উদ্ধারকারীরা দরজা খুলতে সমস্যায় পড়তে পারেন।

গাড়িতে সতর্কতামূলক লেবেল ও সফটওয়্যার আপডেট

প্রত্যাহারের আওতায় থাকা গাড়িগুলোতে দরজার ভেতরে সতর্কতামূলক লেবেল লাগানো হবে। পাশাপাশি সফটওয়্যার আপডেট দেওয়া হবে, যাতে দুর্ঘটনা ঘটলে গাড়ির জানালা স্বয়ংক্রিয়ভাবে কিছুটা নিচে নেমে যায়।

চীনে শাওমির বৈদ্যুতিক গাড়ি জড়িত দুটি প্রাণঘাতী দুর্ঘটনার পর গোপন দরজার হাতল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এসব দুর্ঘটনায় বিদ্যুৎ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণে দরজা খোলা সম্ভব হয়নি বলে সন্দেহ করা হয়েছিল।

টেসলার নকশা অনুসরণ করে অন্যরা

পরামর্শক প্রতিষ্ঠান সিনো অটো ইনসাইটসের ব্যবস্থাপনা পরিচালক তু লে বলেন, ২০১৪ সাল থেকে টেসলার মডেল এস-এর আধুনিক ও মসৃণ নকশা দেখে চীনের অনেক গাড়ি নির্মাতা একই ধরনের গোপন দরজার হাতল ব্যবহার শুরু করে।

তার মতে, সতর্কতামূলক লেবেল ও সফটওয়্যার আপডেট সমস্যার স্থায়ী সমাধান নয়; এগুলো অনেকটা সাময়িক ব্যবস্থা।

২০২৭ সাল থেকে নতুন নিয়ম

চীনা কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারিতে গোপন দরজার হাতল নিষিদ্ধ করার ঘোষণা দেয়।

নতুন নিয়ম ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এরপর চীনে বিক্রি হওয়া গাড়ির দরজার ভেতরে ও বাইরে যান্ত্রিকভাবে খোলার ব্যবস্থা থাকা বাধ্যতামূলক হবে।

অর্থাৎ, গাড়ির বৈদ্যুতিক ব্যবস্থা অচল হয়ে গেলেও যান্ত্রিক পদ্ধতিতে দরজা খোলা যাবে।

যুক্তরাষ্ট্রেও নজরদারি

টেসলার গোপন দরজার হাতল নিয়ে যুক্তরাষ্ট্রেও তদন্ত হয়েছে। কিছু গাড়ির দরজার হাতল হঠাৎ কাজ না করায় শিশুদের গাড়ির ভেতরে আটকে পড়ার অভিযোগ পাওয়া গিয়েছিল।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (NHTSA) সব গাড়ি নির্মাতার জন্য নতুন নিরাপত্তা মান চালুর প্রস্তাব নিয়ে কাজ শুরু করে।

সংস্থাটির ভাষ্য, দুর্ঘটনার পর জরুরি পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত গাড়ি থেকে বের হওয়ার সুবিধায় আলাদা বাধ্যতামূলক দরজা খোলার ব্যবস্থা রাখা প্রয়োজন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে চীনের মতো একই ধরনের গাড়ি প্রত্যাহারের পরিকল্পনার কথা এখনো যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে জানায়নি কোনো গাড়ি নির্মাতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।