দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে । এ জন্য দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। এখন সভাপতি মনোনয়নের জন্য তিনজন যোগ্য ব্যক্তির একটি তালিকা প্রস্তাব করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর ক্ষমতাবলে বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠন করা হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিতে হবে। এরপর নিয়ম অনুযায়ী অ্যাডহক কমিটি গঠন করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বোর্ডের আওতাধীন দাখিল ও আলিম মাদরাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি এবং পরিচালনা কমিটির সদস্যদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে মাদরাসা শিক্ষা বোর্ডের গত ২ আগস্ট জারি করা নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও নতুন চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, মাদরাসার ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য তিনজন যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করতে হবে।
এ ক্ষেত্রে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীদের মধ্য থেকে তিনজনের নাম নির্বাচন করা যাবে।
মাদরাসা প্রধানকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের মাধ্যমে এসব ব্যক্তির নামের তালিকা প্রস্তুত করে অন্যান্য সদস্যের মনোনয়নসহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
সিটি করপোরেশনের আওতাভুক্ত মাদরাসাগুলোর ক্ষেত্রে সভাপতি মনোনয়নের প্রস্তাব পাঠানোর প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা রাখা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের মাদরাসা প্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে সভাপতি মনোনয়নের জন্য প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাবেন।
মাদরাসা শিক্ষা বোর্ডের চিঠিটি দেশের সব দাখিল ও আলিম মাদরাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে।
What's Your Reaction?