ঝিনাইদহে বাসচাপায় পৌর কর্মচারী নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা শহরের সাব রেজিস্টি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ স ম আব্দুস সামাদ কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্টি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে আব্দুস সামাদ গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে আমাদের জানানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। সুরতহাল ও ময়নাতদন্তের পরে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
What's Your Reaction?