একটি পরিচ্ছন্ন টাঙ্গাইল গড়ে তুলতে চাই : প্রতিমন্ত্রী টুকু

Jul 31, 2026 - 18:57
 0  9

একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব টাঙ্গাইল গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
 
শুক্রবার (৩১ জুলাই) টাঙ্গাইল ডিসি লেক পরিদর্শন শেষে লেকে দীর্ঘদিন জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডিসি লেক শুধু একটি বিনোদনকেন্দ্র নয়, এটি টাঙ্গাইল শহরের সৌন্দর্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


প্রতিমন্ত্রী লেকের সার্বিক পরিবেশ, পানির অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পর্যায়ক্রমে পুরো ডিসি লেক পরিষ্কার করা হবে। এ লেককে ঘিরে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এটিকে কিভাবে একটি উন্নতমানের পর্যটনকেন্দ্রে রূপ দেওয়া যায়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে তিনি ডিসি লেক ও চর এলাকা পরিদর্শন করেছেন।

পরিকল্পনা অনুযায়ী ডিসি লেককে একটি মিনি পর্যটনকেন্দ্র এবং চর এলাকাকে বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরো বলেন, নির্বাচনের আগে টাঙ্গাইলে একটি আধুনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার যে অঙ্গীকার করেছিলেন, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। লেকটি সুন্দর ও ব্যবহার উপযোগী করা গেলে টাঙ্গাইলবাসী একটি আধুনিক বিনোদনকেন্দ্র পাবেন। পাশাপাশি এখানে মাছ চাষ করা হবে এবং স্থানীয় মানুষের চাহিদা পূরণে তা কাজে লাগানো হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের লেকের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

একই সঙ্গে ভবিষ্যতে যাতে লেকে ময়লা-আবর্জনা ও কচুরিপানা জমতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


 
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ কচুরিপানা অপসারণ কর্মসূচিতে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।