আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে ছুরিকাঘাত
নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় মসজিদের এক মুয়াজ্জিনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ অক্টোবর) ফজরের আজান দেওয়ার সময় নলডাঙ্গা থানাধীন ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত মুয়াজ্জিনের নাম সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে মসজিদে ফজরের আজান দিচ্ছিলেন সৈয়দ ইসলাম। আজান চলাকালে হঠাৎ তার কণ্ঠ থেমে যায়। এতে আশপাশের লোকজনের সন্দেহ হয়। তারা মসজিদে গিয়ে মেঝেতে সৈয়দ ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন , ভুক্তভোগী মুয়াজ্জিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?