‘‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’’

Aug 18, 2026 - 16:16
Sep 4, 2026 - 02:51
 0  11
‘‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে। তথ্য যাচাই না করে খবর প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেত্রী এবং একই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ অব্যাহত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা চেরি জানান, বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। এই বিষয়টি তাঁর জন্য বিব্রতকর বলেও উল্লেখ করেন পূজা চেরি।

পূজা বলেন, ‘একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম— আমি এনগেজড এবং পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে। এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, নিজেই তা আনন্দের সঙ্গে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’

নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বর্তমানে নিজেকে কিছুটা সময় দিচ্ছি। নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। সেই কারণে ক্যামেরার সামনে অনুপস্থিত। কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়।’

বিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পূজা আরও বলেন, ‘বারবার বলতে চাই— আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ ও মিথ্যা তথ্য প্রচারের বিষয়েও সতর্ক করেছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।’

পূজা আরও উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার অধিকার রয়েছে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

সবশেষে সংবাদকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ ও যাচাই করা তথ্য প্রকাশের আহ্বান জানান পূজা। একই সঙ্গে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করে তিনি বলেন, অন্যথায় নিজের আইনি অধিকার রক্ষায় ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

এদিকে পূজা চেরিকে সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় দেখা গেছে। রেদোওয়ান রনি প্রযোজিত ও নির্মিত এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।