‘পরের গুলিটা রহিতের বুকে গিয়ে লাগবে’

Feb 3, 2026 - 22:21
Sep 4, 2026 - 02:32
 0  13
‘পরের গুলিটা রহিতের বুকে গিয়ে লাগবে’

বিনোদন ডেস্ক


নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। শুধু দায় স্বীকারই নয়, স্যোশাল মিডিয়ায় সরাসরি হত্যার হুমকিও দিয়েছে এই গ্যাং। ঘটনাটি ঘিরে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে একটার মধ্যে রোহিত শেঠির জুহুর বাসভবনের বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি ওই আবাসনের জিমের কাচের দেয়ালে গিয়ে লাগে। 

এ ঘটনায় কেউ আহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। নিরাপত্তা জোরদার করা হয় আশপাশের এলাকায়।

পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার পেছনের উদ্দেশ্য ও নেটওয়ার্ক শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রোহিত শেঠি।

এদিকে ঘটনার পর স্যোশাল মিডিয়ায় ‘শুভম লোঙ্কের’ নামে একটি অ্যাকাউন্ট থেকে গুলিবর্ষণের দায় স্বীকার করে পোস্ট করা হয়। 

এতে লেখা হয়, আজ আমরা পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করছি। 

পোস্টে আরও হুমকি দিয়ে বলা হয়, এটা ছিল শুধু একটা ঝলক। কথা না শুনলে পরের গুলিটা বাড়ির বাইরে নয়, বেডরুমে ঢুকবে আর বুকে গিয়ে লাগবে।

এই হুমকিমূলক পোস্টে পুরো বলিউডের প্রতিও সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, পোস্টগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সাইবার সেল কাজ করছে।

ঘটনার তদন্তে রোববার পুণের ধয়ারী ও কার্ভেনগর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। তারা হলেন আমন আনন্দ মারোতে (২৭), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯), সিদ্ধার্থ দীপক যেনপুরে (২০), সমর্থ শিবশরণ পোমাজি (১৮) ও স্বপ্নীল সকত (২৩)। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের সঙ্গে মুম্বাইয়ের ঘটনার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ২০২৪ সালের এপ্রিলে মুম্বাইয়ে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনাতেও এই গ্যাংয়ের নাম উঠে আসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।